ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কদমতলীর একটি ডোবা থেকে তিন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের গলা কেটে হত্যা করা হয়।
সোমবার দুপুর সোয়া ১২টার দিকে কদমতলী থানার ওয়াসা পুকুরের পাশের একটি ডোবা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
কদমতলী থানার ওসি আয়ুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, ডোবা থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। তাদের জবাই করা হয়। হাতও বাঁধা ছিলো।
তিন যুবকের বয়স ২০ থেকে ২২ এর মধ্যে বলে পুলিশ জানিয়েছে। তাদের নাম জনি, বাবু ও হাসান।
তারা স্থানীয় সন্ত্রাসী বলে পুলিশ দাবি করেছে। ওসি বলেন, সন্ত্রাসী দলের অন্তর্কোন্দলই এ হত্যাকাণ্ডের কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ হত্যাকাণ্ড এক থেকে দুদিন আগে ঘটে বলে মনে করছে পুলিশ।
ময়না তদন্তের জন্য লাশ তিনটি মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১২৪৯ ঘ.
bdnews24