২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘাতকদের বিচার দেখে যেতে চান নেকজান বেওয়া

ঘাতকদের বিচার দেখার জন্য আল্লাহ্ আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। আমি তাদের বিচার দেখে মরতে চাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2011, 05:21 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

রাজশাহী, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘাতকদের বিচার দেখার জন্য আল্লাহ্ আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। আমি তাদের বিচার দেখে মরতে চাই। মুক্তিযুদ্ধ চলাকালে রাজশাহীর চারঘাট থানাপাড়া এলাকার স্বামী হারানো ষাটোর্র্ধ্ব নেকজান বেওয়া এভাবেই আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলের কাছে অভিব্যক্তি প্রকাশ করেন। রোববার সকালে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল ওই চারঘাট থানাপাড়া এলাকায় গণহত্যার প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করেন। একাত্তরের ১৩ এপ্রিল নেকজানের স্বামী নেসাউর রহমান প্রাণ হারান পাকবাহিনীর হাতে। চারঘাটের স্থানীয়রা জানান, ১৯৭১ সালের এই দিনে পদ্মার তীরবর্তী বিভিন্ন এলাকায় আশ্রয় নেওয়া থানাপাড়াসহ আশপাশের গ্রামের চার শতাধিক নারী-পুরুষ-শিশুকে লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে পাকবাহিনী ও তাদের স্থানীয় দোসররা। পরে কিছু লাশ সারদা পুলিশ একাডেমির পাশে পদ্মার চরে বালু দিয়ে ঢেকে দেয়। বাকিগুলো ফেলে দেয় নদীতে। শুধু নেকজান নয়, তার মতো স্বজন হারানো বহু মানুষ রোববার তদন্ত দলের কাছে এসেছিল একাত্তরের ওইদিনের গণহত্যার বিবরণ দিতে। শুক্রবার রাতে দুই সদস্যের তদন্ত দল রাজশাহী আসে। রোববার সকাল থেকে তদন্ত দলের প্রধান অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মতিউর রহমান ও পুলিশ পরিদর্শক শ্যামল চৌধুরী চারঘাটের গণহত্যাস্থল ও গণকবর পরিদর্শন এবং বিবরণ সংগ্রহ করেন। পুলিশ জানিয়েছে, শনিবার তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় বধ্যভূমি ও শহীদ শামসুজ্জোহা হলের নির্যাতন ক্যাম্প, নগরীর বোয়ালিয়া ও পদ্মা তীরবর্তী গণহত্যা এলাকা, মোহনপুর উপজেলার সাকোয়া ও মুগরোইল গ্রামের গণকবর এবং দুর্গাপুর উপজেলার গগণবাড়িয়া এলাকার গণকবর পরিদর্শন করেন। চারঘাট থানার ওসি হামিদুর রশীদ বলেন, তদন্তদল সকালে থানাপাড়ায় গেলে প্রত্যক্ষদর্শীরা ওই গণহত্যার বিবরণ তুলে ধরেন। বিবরণ শুনে তদন্ত দলের সদস্যরাও বিস্মিত হন। মাত্র কয়েক ঘণ্টায় এত নারী-পুরুষ-শিশুকে হত্যার ঘটনা একাত্তরে খুব কম স্থানেই ঘটেছে বলে তদন্ত কর্মকর্তারা মন্তব্য করেন। তদন্ত দলের কাছে একাত্তরে স্বজন হারানো শতাধিক নারী-পুরুষ সাক্ষ্য দিতে হাজির হলেও সময় স্বপ্লতায় ২৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্যদানকারীরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একাত্তরের ১৩ এপ্রিল পাকবাহিনীর গুলিতে প্রাণ হারান থানাপাড়ার আব্দুর রহমান, তার ভাই তানজুর রহমান ও ছেলে আতাউর রহমান। আব্দুর রহমানের ছেলে আকমল হোসেন সাক্ষ্য দেওয়ার সময় বলেন, "আমার স্বজনদের ফেরত পাবো না জানি, কিন্তু আমি স্বাধীন দেশের মাটিতে ঘাতকদের বিচার চাই।" থানারপাড়ার শহীদ নুরুল হকের স্ত্রী ওয়াজান বেওয়া তদন্ত দলের কাছে চোখের সামনে স্বামী হত্যার মর্মস্পর্শী বিবরণ দেন। গণহত্যার আরেক প্রত্যক্ষদর্শী হলেন স্বেচ্ছাসেবী সংস্থা থানাপাড়া সোয়ালোজের নির্বাহী পরিচালক রায়হান আলী। যুদ্ধে তিনি হারিয়েছেন বড় ভাই জহিরুল ইসলামকে। হারিয়েছেন আরো অনেক স্বজন। তিনি বলেন, তিনি নিজেও পাকবাহিনীর হাতে ধরা পড়েছিলেন। কিন্তু নারীদের লাইনে দাঁড় করানোয় সেদিন বেঁচে যান। তদন্তদলের সঙ্গে ছিলেন স্থানীয় পুলিশ, মুক্তিযোদ্ধা তবিবার রহমান ও ওবায়দুর রহমান। বিকালে তদন্ত দল রাজশাহী ফিরে যায়। সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। তদন্ত দলের প্রধান মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আপাতত রাজশাহীর গণহত্যার প্রাথমিক তদন্ত সম্পন্ন হয়েছে। বিস্তারিত তদন্তের প্রয়োজনে তারা আবারো আসতে পারেন। ঢাকায় ফিরে তারা ট্রাইব্যুনালের কাছে প্রতিদবেদন জমা দেবেন বলে জানান। রাজশাহীর পুলিশ সুপারিনটেনডেন্ট এসএম রোকনউদ্দিন বলেন, তদন্ত কাজ শেষ হলে এসব মামলার বিচার কাজ শুরু হবে। যুদ্ধাপরাধের অভিযোগে রাজশাহীতে ২২টি মামলা হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১২ ঘ.