২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিল্লা বিয়ে: ৪ জনকে ২২ মার্চ আদালতে তলব

মৌলভীবাজারে হিল্লা বিয়ের ফতোয়া দেওয়ার ঘটনায় চার জনকে আগামী ২২ মার্চ আদালতে হাজির হওয়ার আদেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2011, 04:17 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারে হিল্লা বিয়ের ফতোয়া দেওয়ার ঘটনায় চার জনকে আগামী ২২ মার্চ আদালতে হাজির হওয়ার আদেশ দেওয়া হয়েছে। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেয়। এই চারজন হচ্ছেন ফয়জুল ইসলাম, আসগর মিয়া, ফখরুল ইসলাম এবং আবুল কালাম আজাদ। এর আগের আদেশ অনুযায়ী রোববার তারা আদালতে হাজির হন। আদালত তাদেরকে ২২ মার্চ আবারো হাজির হওয়ার আদেশ দেয়। এর আগে গত বুধবার আদালত এক আদেশে ১২ জনকে রোববার হাজির হতে বলে। তবে এই ১২ জনের মধ্যে একই ব্যক্তির নাম দুবার থাকায় মুলত ১১ জনের মধ্যে রোববার ৯জন আদালতে হাজির হয়। অপর দুজন ওয়াহেদুর রহমান মেজবাহ ও মোবাশ্বের মিয়া আদালতে গড়হাজির ছিলেন। মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিজুর রহমান ৯ জনকে আদালতে হাজির করান। ফতোয়ার ঘটনায় পুলিশের দায়ের করা একটি মামলায় আসামি আজাদ মিয়া ও নান্নু মিয়া কারাগারে রয়েছেন। মৌলভীবাজারের সদর উপজেলার বড়কাপন গ্রামের কয়ছর মিয়া ও রাবেয়া খাতুন নামের এক কৃষক দম্পতি গত ৯ ফেব্র"য়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন যে, হিল্লা বিয়ের ফতোয়া বাস্তবায়ন না করায় ফতোয়াবাজদের হুমকির কারণে তারা চার মাস ধরে পালিয়ে বেড়াচ্ছেন। 'ফতোয়াবাজদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে দম্পতি' শিরোনামে একটি জাতীয় দৈনিকে গত ১০ ফেব্র"য়ারি একটি প্রতিবেদন প্রকাশিত হয়। অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদন ১৩ ফেব্র"য়ারি আদালতের নজরে আনেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। আদালত এ বিষয়ে স্ব-প্রণোদিত হয়ে ফতোয়াদানকারী চার জনকে ২৪ ফেব্র"য়ারি হাজির হতে আদেশ দেয়। এই চারজন হলেন স্থানীয় বড়কাপন জামে মসজিদের সেক্রেটারি মৌলভী ফয়জুল, এলাকার প্রভাবশালী ব্যক্তি আজাদ মিয়া, নান্নু মিয়া ও আসগর মিয়া। একই সঙ্গে মৌলভীবাজার সদর থানার ওসিকে আদালতে ওই চার জনের উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়। কেন ফতোয়াবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না- তা জানাতে পুলিশ মহাপরিদর্শককে তিন সপ্তাহ সময় দেওয়া হয়। ওই দম্পতিকে নিরাপত্তা দিয়ে গ্রামে ফিরিয়ে নিয়ে যেতে মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের প্রতিও নির্দেশ দেয় আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/কেএমএস/ ২২০৭ ঘ.