ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে ১৮ জানুয়ারি নিহত চার শ্রমিক পবিবারকে পাঁচ লাখ টাকা করে এবং প্রতি পরিবার থেকে একজনকে স্থায়ী চাকরি দিতে মালিক প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
রোববার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়।
শীতলপুরে ম্যাক কর্পোরেশনের একটি পরিত্যক্ত জাহাজে বিস্ফোরণে ওই চার শ্রমিক নিহত হয়েছিলেন।
আদালত উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ১৫ দিনের মধ্যে ক্ষতিপূরণের টাকা পরিশোধ করে পরবর্তী ১৫ দিনের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।
একইসঙ্গে ওই ঘটনায় আহত এক শ্রমিককে ছয় মাসের বেতন এবং চিকিৎসা খরচ (শ্রম আইনে উল্লেখিত ক্ষতিপূরণের অতিরিক্ত) দিতে বলা হয়েছে।
এছাড়া ওই ঘটনায় হওয়া মামলা অব্যাহত রাখারও আদেশ দিয়েছে আদালত।
শুনানিতে ম্যাক কর্পোরেশনের পক্ষে অংশ নেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির পক্ষে সৈয়দা রেজওয়ানা হাসান। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন।
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানান, এরই মধ্যে নিহতের পরিবারকে ২ লাখ ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। আদালত আরো ২ লাখ ৮০ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/১৬৫৩ ঘ.
bdnews24