নোয়াখালী, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বার্ড ফ্লু আক্রান্ত একটি খামারে সাড়ে ছয় হাজার মুরগি নিধন করা হয়েছে।
শনিবার রাতে প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে সিরাজপুর ইউনিয়নের মানিকপুর গ্রামে শিখা এগ্রো পোল্ট্রি ফিড কমপ্লেক্স নামের খামারে বার্ড-ফ্লু আক্রান্ত মুরগিগুলো নিধন করে মাটিতে পুঁতে ফেলা হয়।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা পরীক্ষাগারে এবং ফেনীর আঞ্চলিক রোগ অনুসন্ধান গবেষণাগারে বৃহস্পতিবার নমুনা পরীক্ষার পর মুরগির দেহে বার্ড ফ্লু ভাইরাস ধরা পড়ে।
এরপর শনিবার রাতে আক্রান্ত মুরগিগুলো মেরে মাটিতে পুঁতে ফেলা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।
খামারের মালিক বাহার উদ্দিন মাহমুদ জানান, তার খামারে ছয় হাজার ৫৩৮টি মুরগির মধ্যে মঙ্গলবার (১ মার্চ) একটি মারা যায়। পরদিন মারা যায় চারটি। বৃহস্পতিবার বিষয়টি তিনি উপজেলা পশু সম্পদ কর্মকর্তাকে জানান। ওই দিনই আক্রান্ত মুরগির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়।
শনিবার পর্যন্ত তার খামারে প্রায় ৬০০ মুরগি মারা যায় বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/ ১৬৩৫ ঘ.
bdnews24