সিলেট, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের গোলাপগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে ও ধারালো অস্ত্রের আঘাতে স্থানীয় ছাত্রদলের এক নেতা গুরুতর আহত হয়েছেন।
আহত সুফিয়ান খান গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার চাচা পাখি মিয়াকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোলাপগঞ্জ শহরের চৌমুহনীতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে এবং ৪/৫টি গাড়ি ভাংচুর করে। প্রায় আধাঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।
গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান উজ্জ্বল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুফিয়ান খান পৌর পয়েন্টের মসজিদ মার্কেটে একটি দোকানে বসে ছিলেন।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জকিগঞ্জগামী একটি মাইক্রোবাস থেকে মুখোশধারী দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। গুলি সুফিয়ানের হাতে বিদ্ধ হয়। পরে তারা মাইক্রোবাস থেকে নেমে সুফিয়ানের উপর হামলা চালায়।
দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সুফিয়ানকে আঘাত করে। তাকে বাঁচানোর জন্য তার চাচা পাখি মিয়া এগিয়ে এলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে।
আশঙ্কাজনক অবস্থায় দু'জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গোলাপগঞ্জ থানার ওসি আবদুর রাজ্জাক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ত্রাসী হামলায় সুফিয়ান খান ও তার চাচা পাখি মিয়া আহত হয়েছেন। পুলিশ বিষয়টি থতিয়ে দেখছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১০১ ঘ.
bdnews24