২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে গৃহবধু হত্যার অভিযোগ

স্বামীর দাবি মতো তিন লাখ টাকা দিতে না পারায় মাদারীপুরের কালকিনি উপজেলায় জেসমিন বেগম (৩২) নামের এক গৃহবধুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2011, 02:52 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

মাদারীপুর, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বামীর দাবি মতো তিন লাখ টাকা দিতে না পারায় মাদারীপুরের কালকিনি উপজেলায় জেসমিন বেগম (৩২) নামের এক গৃহবধুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কালাইসরদার চর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। কালকিনি থানার উপ পরিদর্শক (এসআই) ফায়েকুজ্জামান সাংবাদিকদের জানান, জেসমিনের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন যে, তার স্বামী হানিফ সৌদি আরব যাওয়ার জন্য তাকে বাবার বাড়ি থেকে তিন লাখ টাকা এনে দিতে বলে। জেসমিন টাকা এনে দিতে ব্যর্থ হওয়ায় শুক্রবার রাতে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এবং পরে মুখে বিষ ঢেলে বাড়ির আঙ্গিনায় মৃতদেহ ফেলে রাখা হয়েছে। এসআই ফায়েকুজ্জামান জানান, ঘটনার পর থেকেই হানিফ পাঁচ সন্তান নিয়ে পলাতক। জেসমিনের লাশ ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কালকিনি থানার ওসি মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলেই কেবল নিশ্চিত হওয়া যাবে জেসমিনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে, নাকি সে আত্মহত্যা করেছে। জেসমিনের বাবা উপজেলার সিডিখান ইউনিয়নের বাসিন্দা আবদুল জব্বার খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ময়না তদন্তের রিপোর্ট জানার পর তিনি মামলা দায়ের করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০৪০ ঘ.