২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে ট্রেন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল

নারায়ণগঞ্জে ট্রেন দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2011, 12:50 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

নারায়ণগঞ্জ, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে ট্রেন দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করেছে। এতে দুর্ঘটনার জন্য ট্রাক চালক ও রেল লাইনে অবৈধভাবে সড়ক নির্মাণের জন্য নারায়ণগঞ্জের এলজিইডিকে দায়ী করা হয়। শনিবার দুপুরে তদন্ত কমিটির সদস্য সুভক্তগীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য জানান। বৃহস্পতিবার রাতে রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মো. নিজাম উদ্দিন মিয়ার কাছে এ প্রতিবেদন জমা দেওয়া হয়। সোমবার সকালে পাগলার নন্দলালপুর এলাকায় ট্রেন-ট্রাক সংঘর্ষে চারজনের মৃত্যু হয়। আহত হয় ট্রেনের অন্তত অর্ধশত যাত্রী। ওইদিনই রেল কর্তৃপক্ষ বিভাগীয় প্রকৌশলী (সংকেত) বেণুুরঞ্জন সরকারকে প্রধান করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। তদন্ত কমিটির সদস্য সুভক্তগীন বলেন, দুর্ঘটনাস্থলের সড়কটি অবৈধ। সেখানে কোনো লেভেল ক্রসিং ছিল না। নারায়ণগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রেলওয়ের অনুমতি ছাড়াই সড়কটি নির্মাণ করে। রেল লাইনের উপর সড়ক নির্মাণ করতে হলে সেখানে অবশ্যই আন্ডারপাস অথবা লেভেল ক্রসিং ও প্রতিবন্ধক থাকতে হবে। কিন্তু সেখানে তা ছিল না। এলজিইডি প্রকৌশলীকে বারবার চিঠি দেওয়া হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি বলে জানান সুভক্তগীন। তিনি বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে মোট ১২টি অবৈধ লেভেল ক্রসিং রয়েছে। এর মধ্যে এলজিইডি'র অধীনে রয়েছে ৬টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৪৫ ঘ.