ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোার ডটকম)- নৌযানের সার্ভে কার্যক্রম (ফিটনেস পরীক্ষা) বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগের বিরোধিতা করে নৌখাত রক্ষা জাতীয় কমিটি বলেছে, এতে ব্যয় ও দুর্ঘটনা কয়েক গুণ বেড়ে যাবে।
শনিবার সকালে রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের প্রগতি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে সংগঠনটির নেতারা বলেন, নদ-নদী রক্ষা ও নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়নে সরকারের পরিকল্পনার বিরুদ্ধে একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে।
পানিসম্পদ পরিকল্পনা সংস্থার সাবেক মহাপরিচালক প্রকৌশলী ম. ইনামুল হক সংবাদ সম্মেলনে বলেন, নৌযানের ফিটনেস দেওয়ার ক্ষমতা বেসরকারি খাতে গেলে ব্যয় ১০ গুণ বেড়ে যাবে। এর ফলে নৌযান মালিকরা যাত্রী ও পণ্য পরিবহনে ভাড়া বাড়িয়ে দেবেন। সেইসঙ্গে অসাধু মালিকরা টাকার বিনিময় ত্র"টিপূর্ণ নৌযানের জন্যও ফিটনেস নিতে পারবে। এতে করে দুর্ঘটনাও অনেক বেড়ে যাবে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সরকারের নদী খনন পরিকল্পনাকে বাধাগ্রস্ত করতে বিআইডব্লিউটিএ-র বন্দর বিভাগ নদী তীরের অবৈধ দখল উচ্ছেদে অনীহা দেখাচ্ছে। বেসরকারিভাবে আমদানিকৃত ড্রেজার নিবন্ধনের ক্ষেত্রে সময়ক্ষেপণ ও হয়রানি করছে সমুদ্র পরিবহন অধিদপ্তর।
নৌখাতের সার্বিক উন্নয়নে ১২ দফা সুপারিশ তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।
এর মধ্যে সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক পদে অভিজ্ঞ নৌপ্রকৌশলী নিয়োগ, শূন্যপদ পূরণ ও যুগোপযোগী অর্গানোগ্রাম প্রণয়ন, নৌযানের ফিটনেস দেওয়ার ক্ষমতা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া বাতিল, বেসরকারিভাবে আমদানি করা ড্রেজার নিবন্ধনে সময়ক্ষেপণ বন্ধ, নদী খননের পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের স্বার্থে বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগকে আরো গতিশীল করা, অবিলম্বে নৌ আদালতে সরকারি আইনজীবী নিয়োগ, সব নৌ দুর্ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ অন্যতম।
এছাড়া নৌ মন্ত্রণালয়ের যুগ্মসচিবসহ কয়েকজন কর্মকর্তাকে অপসারণেরও দাবি জানিয়েছে নৌখাত রক্ষা জাতীয় কমিটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান কমিটির সদস্য সচিব আশীষ কুমার দে। অন্যদের মধ্যে কমিটির আহ্বায়ক আমিনুর রসুল বাবুল, গ্রিন বেল্ট ট্রাস্টের মহাপরিচালক জসীম কাতাবী বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোার ডটকম/এসআইএম/জেকে/১৬৫৬ ঘ.
bdnews24