সাতক্ষীরা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিনজন।
শনিবার সকাল ১০টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্রমপুর গ্রামের একই পরিবারের রাশিদা খাতুন (৪৩), তার নাতনি সুরাইয়া খাতুন (৫) এবং বোনের মেয়ে মিনি বেগম (৩০) ভ্যানে করে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন।
গোপীনাথপুর স্কুলের সামনে একটি যাত্রীবাহী বাস তাদের ভ্যানটিকে চাপা দেয়।
এতে রশিদা ও সুরাইয়া ঘটনাস্থলেই মারা যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
দুর্ঘটনায় আহত তিন জনকে কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন মিনি খাতুন (৩০), সদর উপজেলার পাথরঘাটা গ্রামের নাসিমা খাতুন (৪০) ও ভ্যানচালক ঝাউডাঙ্গা গ্রামের রমেন মণ্ডল (২৮)।
কলারোয়া থানার ওসি ওবায়দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিনি খাতুনকে দুপুরে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বাসটি আটক করা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।
এ ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস কেএমএস/১৬২২ ঘ.
bdnews24