হবিগঞ্জ, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩০ রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
শনিবার সকাল ৬টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর ও কুশিয়ারতলা গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুশিয়ারতলার জাহির হোসেনের (১৫) সঙ্গে নিশ্চিন্তপুরের হাফিজুর (২০) ও হারুন মিয়ার (৩০) মাছ বিক্রি নিয়ে বচসা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি হয়।
এর জের ধরেই দু'গ্রামবাসী দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
বানিয়াচং থানার ওসি জালাল উদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দু'ঘণ্টাব্যাপী সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩০ রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
আহতদের মধ্যে প্রায় ৭০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৪৩০ ঘ.
bdnews24