সিলেট, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট মহানগরীর শিবগঞ্জের নিজ বাসায় গৃহকর্মীসহ এক তরুণী হত্যার ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আব্দুল মালিক (৩০) নগরীর খরাদিপাড়ার জনৈক ফিরোজ মিয়ার ছেলে।
সকালে খরাদিপাড়ার নিজ বাসা থেকে আব্দুল মালিককে পুলিশ গ্রেপ্তার করে বলে জানিয়েছেন কোতয়ালী থানার ওসি খন্দকার নওরোজ আহমদ।
গত ২৮ ফেব্র"য়ারি (সোমবার) রাতে শিবগঞ্জ খরাদিপড়ায় আনন্দ আবাসিক এলাকার সি-২৮ নম্বর বাসা থেকে তালা ভেঙে পুলিশ সাহিদা আক্তার মিলি (৩০) ও তার গৃহকর্মী মমতা বেগমের (৩৫) গলিত লাশ উদ্ধার করে। ওই বাড়িটি মিলির পৈত্রিক সম্পত্তি। গৃহকর্মী মমতাকে নিয়ে একাই বাড়ির নিচতলায় থাকতেন তিনি। অবিবাহিত মিলি জালালাবাদ রোটারেক্ট, রেড ক্রিসেন্ট ও বিভিন্ন সামাজিক সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন।
ওসি নওরোজ সাংবাদিকদের জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে মালিক।
মালিক পুলিশকে আরো জানায়, ব্যবসার জন্য মিলির কাছ থেকে সে বিভিন্ন সময়ে টাকা ধার নেয়। গত কয়েকদিন ধরে এ অর্থ ফেরত দেওয়া নিয়ে মিলির সঙ্গে তার ঝগড়া হয়। এক পর্যায়ে সে মিলিকে হত্যা করে বলে পুলিশের কাছে স্বীকার করে।
রাতে মালিককে সিলেটের বিচারিক হাকিম মো. শামসুদ্দিনের আদালতে হাজির করা হয়। এসময় আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে সে ওই জোড়া খুন করে বলে স্বীকার করে।
পরে মালিককে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাটানো হয়।
ওই জোড়া খুনের ঘটনায় মঙ্গলবার অজ্ঞাতদের আসামি করে মিলির বড় ভাই আবুল কাশেম কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২১১৪ ঘ.
bdnews24