২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রাণচাঞ্চল্য

খুলনা ও মংলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে ব্যাপক আগ্রহ ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2011, 02:06 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

খুলনা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা ও মংলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে ব্যাপক আগ্রহ ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী শনিবার খুলনা ও মংলা সফর করবেন। খুলনাবাসীর প্রত্যাশিত উন্নয়নে আওয়ামী লীগের নেতৃত্বাধীন স্থানীয় মহাজোট নেতারা ২০ দফা দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন। তারা শুক্রবার খুলনা প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি উপস্থাপন করেন। খুলনা জেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকার তাদের দাবি ফ্যাক্সযোগে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার এই সফরকে কেন্দ্র করে এ অঞ্চলের সর্বস্তরের মানুষ এলাকায় সুষম উন্নয়নের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে। খুলনার সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটিসহ বিভিন্ন ছোট বড় সংগঠন কর্মসূচি পালন করে চলেছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে খুলনাসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে সাজ সাজ রব পড়ে গেছে। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা খালিশপুরে তার জনসভা সফল করার জন্য ব্যাপক তৎপর রয়েছেন। খুলনায় তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাবেদ ইকবাল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বেলা ১২টায় রূপসা নদীর পাড়ে লাভজনক প্রতিষ্ঠান খুলনা শিপইয়ার্ডে ষ্টিল কাটিং-এর উদ্বোধন করবেন। বেলা আড়াইটায় খালিশপুর শিল্পাঞ্চলে পিপলস জুট মিলস উদ্বোধন করবেন। বেলা তিনটায় শিল্পাঞ্চলের প্রভাতী স্কুল মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শুক্রবার খুলনা প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাজোট নেতা ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বর্তমান সরকারের চলমান বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরে বলেন, শেখ হাসিনার সরকার বক্তৃতায় নয় কাজে বিশ্বাসী। সরকার প্রধানের আন্তরিকতার কারণে মংলা বন্দর আজ লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। মংলাকে আধুনিক বন্দরে রুপান্তর করার জন্য গৃহীত ১০টি প্রকল্পের মধ্যে ৮টির কাজ দ্রুত এগিয়ে চলছে। বিশেষ করে পদ্মা সেতু নির্মাণের সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, আবু নাসের ষ্টেডিয়াম ও মহিলা ক্রীড়া কমপ্লেক্স-এর কাজ এগিয়ে চলছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান, জাসদের সভাপতি রফিকুল হক, সাধারণ সম্পাদক খালিদ হোসেন, ওয়ার্কার্স পার্টির কমরেড হাফিজুর রহমান ভূঁইয়া, ন্যাপের মো. ফজলুর রহমান। এর আগে দাদা ম্যাচ ফ্যাক্টরী অবিলম্বে চালু করার দাবিতে দাদা ম্যাচ ওয়ার্কার্স ইউনিয়ন খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ এম শাহাদাৎ। উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, ওয়ার্কার্স পার্টির জাহাঙ্গীর আলম সবুজ, সৈয়দ শামসুর রহমান প্রমুখ। এদিকে খুলনা জেলা ষ্টেডিয়ামের আধুনিকায়নের দাবিতে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুক্রবার নগরীর পিকচার প্যালেস মোড়ে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। গল্লামারী বধ্যভূমিতে নির্মিত স্মৃতিসৌধে ২৬ মার্চে যাতে শ্রদ্ধা নিবেদন করা যায় সে ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মুক্তিযোদ্ধা সংসদ খুলনা জেলা ইউনিট নেতারা স্মারকলিপি দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯৫৪ ঘ.