২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রৌমারীতে গ্রেপ্তারের পর আসামি ছিনতাই

কুড়িগ্রামের রৌমারীতে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা তিন আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2011, 12:09 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

কুড়িগ্রাম, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের রৌমারীতে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা তিন আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার যাদুরচর ইউনিয়নে সীমান্তবর্তী গ্রাম খেয়ারচরে বৃহস্পতিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। হামলায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। এ ঘটনায় রৌমারী থানার উপপরিদর্শক আনোয়ারুল করিম বাদি হয়ে একটি মামলা করেছেন। এতে শাহীন, আশরাফুল, খয়রাত ও মাইদুলসহ ১৫ জনের নাম উল্লেখ করে ৪০ জনকে আসামি করা হয়েছে। রৌমারী থানা পুলিশ জানায়, ১ মার্চ রাতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের রৌমারী শাখার সুপারভাইজার রঘু মিয়ার একটি মোটর সাইকেল চুরি হয়। পরে জানা যায়, শাহীন, আশরাফুল ও খয়রাত এর সঙ্গে জড়িত। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিলো। সোর্সের মাধ্যমে খবর পেয়ে খেওয়ারচর গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় ডাকাতির উদ্দেশে সেখনে জড়ো হওয়া আশরাফুল, শাহীন ও খয়রাতকে গ্রেপ্তার করা হয়। তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় তাদের পরিবারের সদস্যসহ অন্যরা দা ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিদের ছিনিয়ে নেয়। হামলায় এসআই আনোয়ারুল করিম, এএসআই মনসুর আহমেদ, কনস্টেবল মোকছেদ আলী ও ইছহাক আহত হন। এদের মধ্যে দায়ের কোপে গুরুতর জখম হওয়ায় এএসআই মনসুর আহমেদকে (৩৭) প্রথমে রৌমারী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯টার দিকে তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার সকালে পুলিশ ওই গ্রাম থেকে আলেয়া (৩৫), মোর্শেদা (৩৭), আসতারা (২৮), মজিলা (৩৫), রাহেমা (২৫) ও তজিমা (৪০) নামে ছয় নারীকে গ্রেপ্তার করেছে। রৌমারী থানার ওসি হরেশ্বর রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসামিসহ হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে নিরীহ কাউকে গ্রেপ্তার বা হয়রানি করা হবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জেকে/১৮০৩ ঘ.