ভোলা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ড ফ্লু সংক্রমণের কারণে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে সাত হাজার মুরগি মেরে মাটি চাপা দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের সহায়তায় প্রাণিসম্পদ বিভাগ 'ফারিত পোল্টি' খামারের এ সব মুরগি নিধন করে। অভিযানে নেতৃত্ব দেন ম্যাজিস্ট্রেট জাভেদ আক্তার।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই খামারের মুরগি মরতে শুরু করার পর মঙ্গলবার মৃত মুরগির নমুনা পরীক্ষার জন্য বরিশালে পাঠানো হয়।
পরীক্ষায় সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার রাতে ওই খামারের সব মুরগি মেরে ফেলার নির্দেশ দেওয়া হয় বলে জানান প্রদীপ।
এর আগে গত ১৮ ফেব্র"য়ারি ভোলা শহরের চরনোয়াবাদের আহমেদ পোল্ট্রি ফার্মের দুই হাজার মুরগি নিধন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৬২৮ ঘ.
bdnews24