২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে কাটা পড়ে এআইইউবি ছাত্রের মৃত্যু

রাজধানীর খিলক্ষেত রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে আমেরিকান ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) বিবিএ শেষবর্ষের এক ছাত্র মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2011, 09:46 AM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলক্ষেত রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে আমেরিকান ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) বিবিএ শেষবর্ষের এক ছাত্র মারা গেছেন। অবশ্য নিহতের পরিবারের অভিযোগ, হত্যার পর লাশ রেল লাইনে ফেলে রাখা হয়েছিলো। ওই ছাত্রের নাম তানজিদ হোসের মোহন (২৩)। রেলওয়ে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার খিলক্ষেত বনরুপা রেল ক্রসিং থেকে একটি খণ্ডিত লাশ উদ্ধার করে অজ্ঞাতপরিচয় হিসাবে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। পরে একটি মোবাইল নম্বরকে সূত্র ধরে রাতে পুলিশ নিহতের বাবার সঙ্গে যোগযোগ করে। নিহতের চাচাতো ভাই সেলিম সর্দ্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার থেকে মোহনকে ফোনে পাওয়া যাচ্ছিলো না। হত্যা করে তাকে রেললাইনের উপর ফেলে রাখা হয়েছিলো। রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক(এসআই) মো.নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুঘর্টনাস্থলে প্রচুর রক্ত দেখা গেছে। হত্যার পর রেললাইনে ফেলে রাখা হলে সাধারণত এতো রক্ত থাকে না। তারপরও ময়নাতদন্তের পর হত্যামামলা নেওয়া হবে। আপাতত অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি। নিহতের গ্রামের বাড়ি শরিয়তপুর শেকদির বিনোদপুরে। তার বাবা মো. মজিবুর রহমান একজন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৫৪৭ ঘ.