আগরতলা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ হলে বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নতির দিকেই বলে মনে করছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী- বিএসএফের প্রধান রমন শ্রীবাস্তব।
বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক দুদিনের সফরে ত্রিপুরায় এসে বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, সীমান্ত ও নিরাপত্তা বিষয়ে প্রতিবেশী দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী শিগগিরই নয়া দিল্লিতে আলোচনায় বসবে।
বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার ৮৫৬ কিলোমিটার সীমান্তের পুরোটাতেই কাঁটাতারের বেড়া দেওয়া হবে বলে জানান তিনি।
রমন বলেন, বেড়া নির্মাণ হলে সীমান্তে ফ্লাডলাইট বসানো হবে। এ জন্য কেন্দ্রীয় সরকার ইতোমধ্যে অর্থ বরাদ্দ দিয়েছে।
দুই স্তরের কাঁটাতারের বেড়া নির্মাণ হলেও সীমান্তের যেসব এলাকার খুব কাছে বসতি রয়েছে, সে সব এলাকায় জিরো লাইনে এক স্তরের কাঁটাতারের বেড়া তৈরি করা হবে বলে জানান বিএসএফ প্রধান। আর তা বাংলাদেশের সঙ্গে কথা বলেই করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
রমন শ্রীবাস্তব দাবি করেন, ত্রিপুরার কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর আস্তানা বাংলাদেশে রয়েছে, আর এনএলএফটি এবং এটিটিএফ-এর এ ধরনের কিছু আস্তানার তালিকাও বাংলাদেশকে দেওয়া হয়েছে।
আগামী ৮ মার্চ নয়া দিল্লিতে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ে বৈঠকে এ নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি।
বিএসএফ প্রধান একইসঙ্গে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর কাজের প্রশংসা করে বলেছেন, ভারতের উত্তরপূর্বাঞ্চলে বিদ্রোহ দমনে বর্ডার গার্ড বাংলাদেশের সহযোগিতাপূর্ণ আচরণও এ ক্ষেত্রে ভূমিকা রেখেছে।
সীমান্তে মানুষ হত্যা বন্ধে বিএসএফ কার্যকর উদ্যোগ নিচ্ছে বলে জানান রমন।
তিনি বলেন, পরীক্ষামূলকভাবে বিএসএফ এখন কিছু শটগান ব্যবহার করছে, যাতে আহত হলেও কেউ মারা যাবে না।
দুই দেশের ছিটমহল সমস্যার সমাধানও শিগগিরই হবে বলে মনে করছেন বিএসএফ প্রধান। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আসন্ন সফরেই এ বিষয়ে সুনির্দিষ্ট সমাধান আসবে বলে আশাবাদী তিনি।
ছিটমহলের এই সমস্যা ১৯৪৭ সালে ভারত ভাগ হওয়ার পর থেকেই চলছে। দুই দেশের মধ্যে মোট ১৬২টি ছিটমহল রয়েছে, এর মধ্যে ভারতে ১১১টি এবং বাংলাদেশে ৫১টি। ১৭ হাজার ১৫৮ একর জমিতে প্রায় ১ লাখ ৪৪ হাজার মানুষ এসব ছিটমহলে বাস করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৩৪৫ ঘ.
bdnews24