মাদারীপুর, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কালকিনিতে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনির শিকার হয়েছেন দুই জন। অন্যদিকে ডাকাতদের অস্ত্রে আহত হয়েছে দুই জন।
শুক্রবার প্রথম প্রহরে উপজেলার বালীগ্রামে হেমায়েত খানের বাড়িতে ডাকাতির পর এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।
হেমায়েতের ভাই বেলায়েত খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সশস্ত্র ১৫-২০ জন ডাকাত অস্ত্রের মুখে প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাধা দিতে গেলে ব্যবসায়ী হেমায়েত ও তার স্ত্রী আলেয়া বেগমকে বেধড়ক কুপিয়ে আহত করে ডাকাতরা।
তিনি জানান, আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালকিনি থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ডাকাতি করে পালানোর সময় স্থানীয় লোকজন দুই ডাকাতকে ধরে মারধর করে পুলিশে তুলে দেয়।
তিনি জানান, গ্রেপ্তার মহিউদ্দিন কালকিনির পশ্চিম বৌলগ্রামের এবং কবির সরদার সদর উপজেলার মোস্তফাপুরের বাসিন্দা।
এ ঘটনায় কালকিনি থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১২৫৫ ঘ.
bdnews24