ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। নিউমোনিয়া আক্রান্ত এই রাজনীতিক এখন স্কয়ার হাসপাতালে রয়েছেন।
শুক্রবার বিকালের মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সে করে দেলোয়ারকে সিঙ্গাপুর নেওয়া হবে বলে বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এয়ার অ্যাম্বুলেন্স আনার সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। আশা করা যায়, আজই (শুক্রবার) তা ঢাকা পৌঁছাবে।"
বিএনপি মহাসচিবকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তির প্রক্রিয়া চলছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহাসচিবের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট নেতাদের কাজ করতে বলেছেন খালেদা।
স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন দেলোয়ারের অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
অবস্থার অবনতি হলে বিএনপি মহাসচিবকে ধানমণ্ডির আনোয়ার খান মর্ডান হাসপাতাল থেকে বৃহস্পতিবার রাতে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
স্কয়ার হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মির্জা নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। স্বাভাবিকভাবে নিতে পারছেন না বলে যন্ত্রের মাধ্যমে তিনি শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন।"
বিএনপি মহাসচিব নিউমোনিয়ার পাশাপাশি কিডনি, ডায়াবেটিস, হৃদরোগে ভুগছেন বলে চিকিৎসক জানান।
গত ২২ ফেব্র"য়ারি খোন্দকার দেলোয়ার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ধানমণ্ডির আনোয়ার হোসেন খান মর্ডান হাসপাতালে ভর্তি করা হয়।
বিএনপি মহাসচিবের মেয়ে দেলোয়ারা হোসেন পান্না তার বাবার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১১১১ ঘ.
bdnews24