ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তার মেয়ে দেলোয়ারা হোসেন পান্না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার বাবা শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতায় ভুগছেন। তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তিনি বলেন, "সন্ধ্যার পর থেকে বাবার (দেলোয়ারের) অবস্থার অবনতি হওয়ায় তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।"
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক মির্জা নাজিম উদ্দিন ও নিউরোসার্জন শেখ আব্দুল কাদেরের তত্ত্বাবধানে বিএনপি মহাসচিবের চিকিৎসা চলছে।
গত ২২ ফেব্র"য়ারি দেলোয়ারকে ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছিল।
তার আশু রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
এ দিকে মহাসচিবের অসুস্থতার খবর পেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সহসভাপতি ও মেয়র সাদেক হোসেন খোকা, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন নেতা রাতেই স্কয়ার হাসপাতালে যান। তারা মহাসচিবের চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/জেকে/০০০৭ ঘ.
bdnews24