ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) করার ক্ষেত্রে দালাল বা প্রতারক চক্রের সাহায্য না নেওয়ার আহ্বান জানিয়েছে সরকার।
বুধবার এক তথ্য বিবরণীতে বলা হয়, পাসপোর্ট ফরমে উল্লিখিত নির্দেশিকা অনুযায়ী ফরম পূরণ, সত্যায়ন এবং নথিপত্র সংযুক্ত করে সোনালী ব্যাংকের অনুমোদিত শাখায় জরুরি সেবার জন্য ছয় হাজার এবং সাধারণ সেবার জন্য তিন হাজার টাকা জমা দিতে হবে।
এ সময় জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদপত্র এবং পুরোনো পাসপোর্টের মূল কপি অবশ্যই দেখাতে হবে।
আবেদনপত্র জমা নেওয়ার সময় আবেদনকারীর ছবি, আঙৃলের ছাপ ইত্যাদি নেওয়ার পর পাসপোর্ট দেওয়ার সম্ভাব্য তারিখ উল্লেখ করে 'ডেলিভারী স্লিপ' দেওয়া হবে। পরে মোবাইল ফোনে এসএমসের মাধ্যমে তাকে পাসপোর্ট নিতে বলা হবে। এসএমএস পাওয়ার পর আবেদনকারী নিজে এসে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।
পুলিশ প্রতিবেদন পাওয়া সাপেক্ষে, কিংবা পুলিশ প্রতিবেদন প্রয়োজন না হলে
সাত কর্মদিবসের মধ্যে জরুরি পাসপোর্ট এবং ১৫ কর্মদিবসের মধ্যে সাধারণ পাসপোর্ট দেওয়া হবে। এ ছাড়া জরুরি প্রয়োজনে দুই/তিন কর্মদিবসের মধ্যেই পাসপোর্ট দেওয়া হবে। এ জন্য বাড়তি টাকা দিতে হবে না।
কোনো ব্যক্তি বা দালাল পাসপোর্ট করে দেওয়ার নাম করে অতিরিক্ত টাকা দাবি করলে সংশ্লিষ্ট ব্যক্তি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ০১১৯১০০১৩৫২ বা ০১১৯১০০১৬৪১ নম্বরে জানানোর জন্য তথ্য বিবরণীতে অনুরোধ করা হয়েছে।
বডিনিউজ টোয়েন্টফোর ডটকম/এসআই/জেকে/২১৫৬ ঘ.
bdnews24