২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতোয়া নিয়ে আপিলের শুনানি মুলতবি

ফতোয়াকে অবৈধ ঘোষণা করে ২০০১ সালে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি আগামী ৯ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 03:47 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফতোয়াকে অবৈধ ঘোষণা করে ২০০১ সালে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি আগামী ৯ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়। আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী ড. কামাল হোসেন এবং আপিল আবেদনকারীর আইনজীবী নজরুল ইসলাম এদিন শুনানিতে অংশ নেন। ড. কামাল হোসেন বলেন, "সামাজিক বাস্তবতার কারণে বাংলাদেশে কোরআনের অনেক অপব্যাখ্যা হয়েছে। এগুলো বন্ধ হওয়া প্রয়োজন।" ফতোয়ার মাধ্যমে সমাজের একটি শ্রেণী অন্য একটি শ্রেণীর ওপর অত্যাচার করছে মন্তব্য করে কামাল বলেন, বিদায় হজের ভাষণে রাসুল (স.) মানুষের মাঝে ভেদাভেদ না করার কথা বলেছেন। সব মানুষকে সমান বলে উল্লেখ করেছেন। তিনি প্রশ্ন তোলেন, "ফতোয়কে যদি মতামত ধরা হয়। তা হলেতো যে কেউ এটা দিতে পারে। তবে ফতোয়ার নামে যে কুকর্ম হচ্ছে, তার কি হবে?" অন্যদিকে আপিলকারী মুফতি মো. তৈয়বের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের সর্বোচ্চ আইন এ দেশের সংবিধান। তবে কোরআন একটি আইন। "তাই হাইকোর্ট পুরো ফতোয়া নিষিদ্ধ না করে রাষ্ট্র ও সমাজকে একটি দিক-নির্দেশনা দিতে পারে।" বৃহস্পতিবার শুনানিতে অংশ নেওয়ার মাধ্যমে ড. কামাল ও নজরুল ইসলাম তাদের বক্তব্য শেষ করেন। পরবর্তী শুনানির দিন অপর আপিলকারী আবুল কালাম আজাদের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তার বক্তব্য উপস্থাপন করবেন। ২০০১ সালের ১ জানুয়ারি বিচারপতি গোলাম রাব্বানী ও বিচারপতি নাজমুন আরা সুলতানার হাইকোর্ট বেঞ্চ ফতোয়াকে অবৈধ ঘোষণা করে রায় দেয়। একই বছর মুফতি মো. তৈয়ব ও মাওলানা আবুল কালাম আজাদ ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন। গত ১৪ ফেব্র"য়ারি এ আপিল শুনানিতে আদালত-বন্ধু (অ্যামিকাস কিউরি) হিসাবে টি এইচ খান, ব্যরিস্টার রফিক উল হক, ব্যরিস্টার রোকন উদ্দিন মাহমুদ, মাহমুদুল ইসলাম, ড. এম জহির, এ বি এম নুরুল ইসলাম, এ এফ হাসান আরিফ, ব্যরিস্টার রাবেয়া ভূঁইয়া এবং এম আই ফারুকীকে নিয়োগ দেওয়া হয়। শুনানিতে আপিল বিভাগের ছয় বিচারপতি উপস্থিত ছিলেন। অন্য বিচারপতি নাজমুন আরা সুলতানা হাইকোর্টে এ মামলার রায় দিয়েছিলেন বলে শুনানিতে অংশ নেননি। মঙ্গলবার এই আপিলের ওপর শুনানি শুরুর পর ওইদিন দুই পক্ষের বক্তব্যের ভিত্তি, যুক্তি ইত্যাদি সম্পর্কে আদালতে বক্তব্য উপস্থাপন করা হয়। গত বছরের ৮ জুলাই হাইকোর্ট অপর এক রায়ে ফতোয়ার নামে স্থানীয় সালিশে বিচারবহির্ভুত শাস্তি দেওয়া অবৈধ ঘোষণা করে। রায়ের অভিমতে আদালত বলে, এ ধরনের শাস্তি প্রদান ও কার্যকরে জড়িত, উপস্থিত ও সহায়তাকারী ব্যক্তি ফৌজদারি অপরাধ ও শাস্তির আওতায় আসবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/২১৩৪ ঘ.