২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে শিশু অপহরণকারী সন্দেহে তরুণী আটক

সাভারের আশুলিয়ায় শিশু অপহরণকারী সন্দেহে এক তরুণীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 03:09 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

সাভার, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় শিশু অপহরণকারী সন্দেহে এক তরুণীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার মানিকগঞ্জ পাড়ায় এ ঘটনা ঘটে। ওই তরুণীর নাম রিনা আক্তার (২১)। ধামরাইয়ের কামাড়পারা এলাকায় তার বাড়ি বলে জানিয়েছেন তিনি। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আইয়ুব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে বাড়ির পাশে খেলার সময় রিনা পাঁচ শিশুকে ফুল দেখিয়ে সঙ্গে নিয়ে যাচ্ছিলো। শিশুদের যেতে দেখে সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। ওই পাঁচ শিশু হলো- রফিকুল ইসলাম লিটনের মেয়ে রাবেয়া ইসলাম (৭), শফিকুল ইসলামের ছেলে লিমন (৬) ও মেয়ে সুমাইয়া আক্তার (৪), আ. রউফ মোল্লার ছেলে শ্রাবণ (৫) এবং আনিসুর রহমানের ছেলে মেহেদী হাসান (৫)। পুলিশের এই কর্মকর্তা আরো জানান, উদ্ধার করা শিশুদের বয়স ৪ থেকে ৭ বছরের মধ্যে। তারা সবাই আশুলিয়ার মানিকগঞ্জ পাড়ার বাসিন্দা। "রিনা পুলিশের কাছে অপহরণকারী দলের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন তার সঙ্গে রাসেল ও শাহ আলম নামে দুইজন ছিলেন। তারা পালিয়ে গেছেন", বলেন এসআই আইয়ুব খান। এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/পিডি/২১০৬ ঘ.