দিনাজপুর, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় অভিযুক্ত চার কর্মচারীকে বরখস্তের দাবিতে প্রয়োজনে বোর্ডের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার (বয়কট) ঘোষণা দিয়েছেন দিনাজপুরে শিক্ষকরা।
বৃহস্পতিবার দুপুর ১টায় দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষকরা এ ঘোষণা দেন।
লাঞ্ছনাকারীদের চাকরিচ্যুত না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন শিক্ষক নেতারা।
তরা বলেন, আগামী ৯ মার্চ সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময়ের পর চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে।
কলেজ ও স্কুল শিক্ষকদের সমন্বয়ে গঠিত স্টিয়ারিং কমিটির আহ্বায়ক অধ্যক্ষ সাইফুদ্দিন আখতার, যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম ও জিকরুল হক, অধ্যক্ষ মমিনুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধ শতাধিক শিক্ষক এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, ২২ ফেব্র"য়ারি কাহারোলের এক প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে বোর্ডের মাস্টাররোলের চার কর্মচারী। বোর্ড কর্তৃপক্ষ ওই দিনই চার কর্মচারীকে প্রত্যাহার করে নেয়।
২৮ ফেব্র"য়ারি দিনাজপুরের শিক্ষক সমাজ ওই কর্মচারীদের চাকরিচ্যুতির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করে এবং বোর্ড কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেয়। ওই ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়।
দিনাজপুর শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মজিদ এ ব্যাপারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অভিযুক্তরা মাস্টাররোলের কর্মচারী হলেও চার বছর যাবৎ চাকরি করছেন। তাদের সরাসরি চাকরিচ্যুত করা যায় না।"
বিষয়টি সমাধানের জন্য মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে বলে আব্দুল মজিদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৮২১ ঘ.
bdnews24