২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ঝুট নিয়ে ছাত্রলীগের দু'পক্ষে ধাওয়াধাওয়ি

ঝুট ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাজীপুরের কালিয়াকৈরে ছাত্রলীগের দু'পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 12:06 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

গাজীপুর, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝুট ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাজীপুরের কালিয়াকৈরে ছাত্রলীগের দু'পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল পৌনে দশটার দিকে কালিয়াকৈরে পল্লী বিদ্যুৎ এলাকার ইকোটেক্স পোশাক কারখানার ঝুট কাপড় নিয়ে ওই ধাওয়াধাওয়ি ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এসময় পুলিশসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। কালিয়াকৈর থানার ওসি মো. আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চুক্তি মোতাবেক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. সেলিম আজাদ ওই কারখানায় ঝুট কাপড় আনতে যায়। তখন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা রেজাউল করিম রাসেলের লোকজন তাতে বাধা দেয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়াধাওয়ি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে উভয়পক্ষ পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় মৌচাক ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলামসহ অন্তত ৫ জন আহত হন বলে জানান ওসি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/ ১৭০২ ঘ.