হবিগঞ্জ, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের বাহুবল উপজেলা থেকে তিনশ বস্তা 'চোরাই' রাবার উদ্ধার করেছে পুলিশ।
বাহুবল থানার ওসি সৈয়দুজ্জামান জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে সোয়াইয়া বাজার থেকে এসব রাবার উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "সোয়াইয়া বাজারে রহমত আলীর ঘর, পাশের পুকুর ও খাল থেকে তিনশ বস্তায় এই রাবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রাবারের আনুমানিক মূল্য ৭ লাখ টাকা।"
অভিযানে কাউকে আটক করা যায়নি। ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. জিল্লুর রহমান দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এর আগে বুধবার ভোরে চোরাই রাবার ভর্তি মিনিট্রাক সহ চারজনকে আটক করে মাধবপুর থানা পুলিশ। তাদের দেওয়ার তথ্যের ভিত্তিতেই এ অভিযান চালানো হয় বলে সৈয়দুজ্জামান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৭৪০ ঘ.
bdnews24