পাবনা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার চাটমোহরে দুটি স্থান থেকে এক আদিবাসীসহ ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পুলিশ দুটি মৃতদেহ ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
চাটমোহর থানার ওসি শহিদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বিকালে চাটমোহর উপজেলার বাঘলবাড়ীকৈ গ্রামের আদিবাসী নেতা তাপস মাহাতোকে (৪০) একই এলাকার এক দুস্কৃতকারী কুপিয়ে হত্যা করে। মদ পান করা নিয়ে এ ঘটনা ঘটে বলে তিনি জানান।
এতে জড়িত অভিযোগে মুকুল হোসেন নামের স্থানীয় এক ব্যক্তিকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
তাপস মাহাতো হত্যাকাণ্ডে আদিবাসীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে জানান ওসি।
এছাড়া সকালে গফুরাদবাদ রেল স্টেশনের পাশের ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ওসি শহিদ আলম বলেন, যুবককে হত্যা করে হত্যাকারীরা লাশ এখানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/ ১৭২৬ ঘ.
bdnews24