২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনূসের রিট আবেদন শুনানি শেষ, রোববার আদেশ

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের বৈধতা নিয়ে হাইকোর্টে মুহাম্মদ ইউনূসের করা রিট আবেদনের ওপর রোববার আদেশ হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 10:59 AM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের বৈধতা নিয়ে হাইকোর্টে মুহাম্মদ ইউনূসের করা রিট আবেদনের ওপর রোববার আদেশ হবে। বৃহস্পতিবার সকালে হাইকোর্টের বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চে আবেদনটি দায়েরের পর এ দিনই এর ওপর শুনানি হয়। আদালতে ইউনূসের পক্ষে শুনানি করেন ড. কামাল হোসেন। সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। একই বিষয়ে গ্রামীণ ব্যাংকের নয় জন পরিচালক হাইকোর্টের একই দিন একই বেঞ্চে আরেকটি রিট আবেদন করেন। বুধবার কেন্দ্রীয় ব্যাংক অপসারণের আদেশ জারির পর নোবেল বিজয়ী একমাত্র বাংলাদেশি এর বিরুদ্ধে আইনি লড়াই চালানোর ঘোষণা দেন। বুধবার রাতেই তিনি কামাল হোসেনের বাড়িতে যান। তখন তিনি সাংবাদিকদের বলেন, "এটি (অপসারণ) একটি আইনগত বিষয়। আইনগতভাবে কীভাবে তা মোকাবেলা করা যায়, সে সম্পর্কে পরামর্শ করতে এসেছি।" ইউনূস ব্যক্তিগতভাবে রিট আবেদনটি দায়ের করেছেন। তার পক্ষে আইনজীবী রয়েছেন সারা হোসেন। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ইউনূসকে শেষবার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়া হয়নি। এ কারণেই বাংলাদেশ ব্যাংক তাকে অপসারণের আদেশ দিয়েছে বলে জানিয়েছেন গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোজাম্মেল হক। এ বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ইউনূসকে অপসারণ করা ছাড়া সরকারের কোনো উপায় ছিলো না। তবে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (তথ্য ও গণমাধ্যম সমন্বয়) জান্নাত-ই-কাওনাইন বুধবার এক লিখিত বক্তব্যে বলেন, "গ্রামীণ ব্যাংক ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগ সংক্রান্ত আইনসমুহ যথাযথভাবে পালন করেছে। ব্যাংকের আইন পরামর্শদাতাদের মতে, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস যথারীতি তার পদে বহাল আছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৬৫৫ ঘ.