২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মরিশাসে নিহত শ্রমিকের স্বজনদের অনুদান প্রদান

মরিশাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১১ বাংলাদেশি শ্রমিকের পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 07:58 AM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মরিশাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১১ বাংলাদেশি শ্রমিকের পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে নিহতের স্বজনদের হাতে চেক তুলে দেন মরিশাসের শ্রমমন্ত্রী শাকেল আহমেদ ইউসুফ আব্দুল রাজেক মোহামেদ। নিহত ১১ শ্রমিকের প্রত্যেকের পরিবার ৭ হাজার ৫৮৫ মার্কিন ডলার করে পেয়েছেন। এর মধ্যে ২ হাজার ডলার মরিশাস সরকার, ১ হাজার ৬৪৭ ডলার চাকরিদাতা প্রতিষ্ঠান, ২ হাজার ৮৩৮ ডলার ইন্স্যুরেন্স কোম্পানি এবং ১ হাজার ১০০ ডলার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হয়। এছাড়া চাকরিদাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পর্যায়ক্রমে আরো ৬ বছরের বেতন দেওয়া হবে বলে জানানো হয়েছে। দুর্ঘটনায় আহত তিন জনকে দেওয়া হয় ৩ হাজার ১০০ মার্কিন ডলার করে। এর মধ্যে ৩ হাজার ডলার মরিশাস সরকার এবং ১০০ ডলার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। চেক হস্তান্তর অনুষ্ঠানে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, শ্রম মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান, মরিশাসের শ্রম সচিব শমিন নাথ রাজন এবং মরিশাসের জাতীয় মসজিদের খতিব নাসের রহমত উল্লাহ উপস্থিত ছিলেন। মরিশাস যাওয়ার ১১ দিন পর গত ১২ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি শ্রমিক নিহত ও চার জন আহত হয়। পরবর্তীতে আরো একজন হাসপাতালে মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/কিউএইচ/এমআই/১৪০০ ঘ.