২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিট আবেদন গ্রামীণ ব্যাংকের ৯ পরিচালকেরও

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অপসারণের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আরেকটি রিট আবেদন করেছেন ব্যাংটির নয় জন পরিচালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 07:24 AM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অপসারণের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আরেকটি রিট আবেদন করেছেন ব্যাংটির নয় জন পরিচালক। বৃহস্পতিবার মুহাম্মদ ইউনূস একই বিষয়ে একটি রিট আবেদন করার পর রহিমা খাতুনসহ ৯ জন পরিচালক দুপুরে অন্য রিট আবেদনটি করেন। দুটি রিট আবেদনই করা হয়েছে হাইকোর্টের বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চে। ইউনূসের আবেদনের ওপর ইতোমধ্যে শুনানি শুরু হয়েছে। বুধবার কেন্দ্রীয় ব্যাংক অপসারণের আদেশ জারির পর নোবেল বিজয়ী একমাত্র বাংলাদেশি এর বিরুদ্ধে আইনি লড়াই চালানোর ঘোষণা দেন। ইউনূস ব্যক্তিগতভাবে তার রিট আবেদনটি দায়ের করেন। তার পক্ষে আইনজীবী রয়েছেন সারা হোসেন। নয় জন পরিচালকের পক্ষে অন্য রিট আবেদনটি করেন আইনজীবী মুস্তাফিজুর রহমান। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ইউনূসকে শেষবার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়া হয়নি। এ কারণেই বাংলাদেশ ব্যাংক তাকে অপসারণের আদেশ দিয়েছে বলে জানিয়েছেন গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোজাম্মেল হক। তবে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (তথ্য ও গণমাধ্যম সমন্বয়) জান্নাত-ই-কাওনাইন বুধবার এক লিখিত বক্তব্যে বলেন, "গ্রামীণ ব্যাংক ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগ সংক্রান্ত আইনসমুহ যথাযথভাবে পালন করেছে। ব্যাংকের আইন পরামর্শদাতাদের মতে, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস যথারীতি তার পদে বহাল আছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৩২৫ ঘ.