ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম'র সহায়তায় লিবিয়া থেকে বৃহস্পতিবার আরো ৫২২ বাংলাদেশি দেশে ফিরছেন।
ভাড়া করা একটি বিমানে সকাল ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন ১৭৪ জন।
বিকাল পৌনে ৫টায় এবং সাড়ে ৫টায় অন্য দুটি বিমানের প্রতিটিতে ১৭৪ জন করে মোট ৩৪৮ জন ফিরবেন বলে আইওএম'র জাতীয় কর্মসূচি কর্মকর্তা আসিফ মুনীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, "সকালে আমাদের একটি ফ্লাইটে ১৭৪ জন এসে পৌঁছেছেন। বিকালে অন্য দুটি ফ্লাইটে আরো ৩৪৮ জন দেশে ফিরবেন বলে আমরা আশা করছি।"
ক্ষমতা ছাড়ার জন্য ঘরে-বাইরে প্রবল চাপের মুখে লিবিয়ার চার দশকের শাসক মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে সে দেশে সরকারবিরোধী বিক্ষোভ আন্তর্জাতিক সঙ্কটে পরিণত হয়েছে।
গাদ্দাফির পদত্যাগের দাবিতে গত ১৬ ফেব্র"য়ারি থেকে উত্তাল উত্তর আফ্রিকার এই আরব দেশটি।
অস্থির লিবিয়ায় সরকারবিরোধী বিক্ষোভের কারণে আটকেপড়া বিদেশিদের লিবীয় সেনাবাহিনী মিশর সীমান্তে সরিয়ে নিচ্ছে।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) হিসাবে, লিবিয়ায় বাংলাদেশি কর্মীর সংখ্যা প্রায় ৮৯ হাজার। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেবে সংখ্যাটি ৬০ হাজার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এমআই/১২১২ ঘ.
bdnews24