জামালপুর, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের ইসলামপুর উপজেলার প্রত্যন্ত সাজলের চর গ্রামে ২৩টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার রাতে এ অগ্নিকাণ্ড ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও উপজেলা প্রশাসন জানিয়েছে।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, গ্রামের জেলে মণ্ডলের গোয়াল ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।
এলাকাবাসী প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ইউএনও।
ক্ষতিগ্রস্ত আহম্মদ আলী মাস্টার, মোহাম্মদ আলী, হেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেন, "আগুনে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মরিচ, পিঁয়াজ, সরিষা, পাট, রবি শস্যসহ প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।"
ইসলামপুর উপজেলার ইউএনও, থানার ওসি রমজান হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/২৩২৮ ঘ.
bdnews24