বেনাপোল, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "আমাদের উদ্ধার করুন। নহলে না খেয়েই মারা পড়তে হবে।"
বুধবার সকাল ১১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বেনাপোল প্রতিনিধিকে মোবাইল ফোনে এ ভাবেই নিজেদের অবস্থার বিবরণ দেন লিবিয়ায় আটকা পড়া যশোরের শর্শা উপজেলার জিরেনগাছা গ্রামের নির্মাণ শ্রমিক ইমরান হোসেন (২৫)।
ইমরান জানান, লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ৫০ কিলোমিটার পশ্চিমে জাইয়াই শহর। সেখানে একটি ঘরে আটকে আছেন প্রায় দেড়শ বাংলাদেশি। এরা সবাই হা-নীল নামে একটি কোরীয় নির্মাতা সংস্থায় কাজ করেন।
তিনি বলেন, "জাইয়াই শহরটি দশ দিন আগেও নিারপদ ছিল। শুক্রবার থেকে প্রায় ২ হাজার সেনা ঘিরে রেখেছে শহর। যে কোনো সময় হামলার আশঙ্কা করছে বিদ্্েরাহীরা। রোববার থেকে এখানকার সবকিছু বন্ধ হয়ে গেছে।
"আমাদের টাকা শেষ হয়ে গেছে। লিবীয়দের দেওয়া সামান্য খাবার খেয়ে কোনোভাবে বেঁচে আছি। বাইরে বের হতে পারছি না।"
২০০৯ সালে জিরেনগাছা গ্রামের ইমরান, রবিউল, শ্যালাগাছী গ্রামের রাসেল, জামতলার ইব্রাহিম ও মাটিপুকুর গ্রামের মুকুল একসঙ্গে লিবিয়ায় যান।
ইমরানের বাবা আজগর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ছেলে তাকে জানিয়েছে, রাজনৈতিক অস্থিরতা শুরু হলে ফার্মের মালিক পালিয়ে যায়। কোম্পানির অন্য দেশি কর্মীরা নিজেদের দেশের সরকারের মাধ্যমে নিরাপদ আশ্রয়ে চলে যায়। শুধু বাংলাদেশি শ্রমিকরাই এখনো ওই শহরে আটকা পড়ে আছে।
এক সপ্তাহের বেশি সময় ধরে লিবিয়ায় সরকারবিরোধী আন্দোলন চলছে, আর তা শক্ত হাতে দমনের চেষ্টা চালাচ্ছেন উত্তর আফ্রিকার দেশটির শাসনকর্তা মুয়াম্মার গাদ্দাফি।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) হিসাবে, লিবিয়ায় বাংলাদেশি কর্মীর সংখ্যা প্রায় ৮৯ হাজার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেবে সংখ্যাটি ৬০ হাজার।
সরজমিনে দেখা গেছে, লিবিয়া-প্রবাসী শার্শার রবিউলের বৃদ্ধ পিতা মোসাররফ হোসেন ও মাতা ছালেহা বেগম ছেলের দুচিন্তায় আতঙ্কিত।
একই অবস্থা জামতলার ইব্রাহিমের সদ্য বিবাহিত স্ত্রী শারমিন নাহারের।
ঝিকরগাছা উপজেলার শ্রীরামপুর গ্রামের কবির হোসেন, দেলোয়ার, আনোয়ারুল, মিলন, মিজানুর, মনিরুল, মিন্টু এবং আব্দুল হকের পরিবারের দিন কাটছে অনিশ্চয়তার মধ্য দিয়ে।
এরা প্রায় সবাই নির্মাণ শ্রমিক হিসেবে লিবিয়াতে কর্মরত।
পরিবারের সদস্যরা তাদের সন্তানদের অবিলম্বে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ইতোমধ্যে বলেছেন, লিবিয়া থেকে প্রবাসীদের ফেরত আনার প্রস্তুতি থাকলেও সবাইকে এখনি ফিরিয়ে আনার পক্ষপাতি নয় সরকার। লিবিয়ায় সব স্থানে পরিস্থিতি সংঘাতময় নয় বলেও দাবি করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/২৩২২ ঘ.
bdnews24