২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরাইলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

সরাইলে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 05:18 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরাইলে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনকে জেলা ও উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার উপজেলার সদর ইউনিয়নের পাঠানপাড়া ও নিজসরাইল গ্রামে বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ কাদানে গ্যাস ছোড়ে। পুলিশ ও গ্রামবাসী জানায়, উপজেলার সদর ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের আবুল হাশেম (২০) ও নিজসরাইল গ্রামের আব্দুল হকের (৬৫) সকালে জমি নিয়ে কথা কাটাকাটি হয়। এ পর্যায়ে আব্দুল হকের লোকজন আবুল হাশেমকে পিটিয়ে জখম করে। এ খবর ছড়িয়ে সকাল সাড়ে ১০টার দিকে পড়লে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সরাইল থানার ওসি জহিরুল ইসলাম বলেন, "প্রায় এক ঘণ্টা সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।" আহতদের মধ্যে আবুল হাশেমকে (২০) জেলা সদর হাসপাতালে এবং মো. আইয়ুব হোসেন (৪৮) ও আব্দুর হককে (৫৫) স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া শুক্কুর আলী (২৩) রহমত আলী (২৮), স্বপন মিয়া (২৫), জোহেরা খাতুন (৪৫), হেনা বেগম (১৬), ইলিয়াস মিয়া (৪০), খোরশেদ আলী (৪৫),নাজমুল হকসহ (৩৫) বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ওসি জহিরুল ইসলাম বলেন, পরিস্থিতি এখন শান্ত। ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/জেকে/২৩১৪ ঘ.