ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানির মামলায় গ্রামীণফোনের আট কর্মকর্তাকে তলব করেছে আদালত।
আগামী ৩০ মার্চ অভিযুক্তদের আদালতে হাজির হতে বলা হয়েছে।
বুধবার বিকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মেহেদী হাসান তালুকদার এই আদেশ দেন।
গ্রামীণফোনের সাবেক উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ জহিরুল হকের করা মামলার প্রেক্ষিতে এই সমন জারি করে আদালত। মামলা ও সমন জারির বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন আদালতের কর্মচারী শাখাওয়াত হোসেন।
যাদের তলব করা হয়েছে তারা হলেন- গ্রামীণফোনের উপ-পরিচালক শরিফুল ইসলাম ও মতিউর রহমান সিদ্দিকী, কমপ্লায়েন্স বিভাগের প্রধান মো. নাইমুজ্জামান, জ্যেষ্ঠ বিশেষজ্ঞ (সিনিয়র স্পেশালিষ্ট) আতিকুর রহমান খন্দকার, পরিচালক সৈয়দা ইয়াসমিন রহমান এবং বাণিজ্য বিভাগের পরিচালক মোল্লা নাফিজ ইমতিয়াজ, উপ-পরিচালক তৌহিদ আবদুল্লাহ ও প্রধান মানব সম্পদ কর্মকর্তা আরনফিন গ্রোভেন।
বাদী আরজিতে বলেন, ২০০৬ সালের ২ জুলাই গ্রামীণফোনের উপ-মহাব্যবস্থাপক হিসাবে কাজে যোগ দেন। চার বছর পর তিনি পদোন্নতির জন্য আবেদন করেন। গত বছরের ১০ মার্চ মনোনয়ন (সিলেকশন বোর্ড) বোর্ডের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন। কিন্তু তাকে পদোন্নতি না দিয়ে আসামিরা টালবাহানা করতে থাকেন। এই বৈষম্য ও অপমান সহ্য করতে না পেরে তিনি বাধ্য হয়ে গত নভেম্বরে পদত্যাগ করেন।
কপিরাইট আইন ভঙ্গের আরেকটি মামলায় গত ২৮ ফেব্র"য়ারি গ্রামীণফোনের সাবেক প্রধান নির্বাহী ও পরিচালনা পর্ষদের বর্তমান চেয়ারম্যন এবং আরো দুটি কোম্পানির পাঁচজনকে তলব করে আদালত। আগামী ২৩ মার্চ তাদের আদালতে হাজির হতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিএইচ/পিডি/২০৫২ ঘ.
bdnews24