২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুবলার চরে গণপিটুনিতে 'বনদস্যু' নিহত, আহত পাঁচ

সুন্দরবনের দুবলার চরে গণপিটুনিতে রফিক মাস্টার নামে (৩৫) এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো পাঁচজন। স্থানীয় জেলে সংগঠন ও পুলিশের দাবি, হতাহতরা বনদস্যু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 02:38 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

বাগেরহাট, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনের দুবলার চরে গণপিটুনিতে রফিক মাস্টার নামে (৩৫) এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো পাঁচজন। স্থানীয় জেলে সংগঠন ও পুলিশের দাবি, হতাহতরা বনদস্যু। মঙ্গলবার রাতে বাগেরহাটের মাঝের কেল্লা এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। দুবলা ফিশারমেন গ্র"পের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার ও সোমবার রাতে বনদস্যুরা মুক্তিপণের দাবিতে ছয় জেলেকে অপহরণ করে। তাদের উদ্ধারের জন্য ফিশারমেন গ্র"পের কয়েকটি দল মঙ্গলবার রাতে তল্লাশী শুরু করে। এক পর্যায়ে রফিক ও তার সহযোগীদের নৌকাকে চ্যালেঞ্জ করলে গুলি-পাল্টা গুলি বিনিমিয় হয়। তারা মাঝের কিল্লা চরে নেমে পালানোর চেষ্টা করলে কয়েকশ জেলে তাদের ধরে পিটুনি দেয়। কামাল জানান, 'বনদস্যুদের' কাছ থেকে দুটি বিদেশি বন্দুক ও তিন রাউণ্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ, আহত বনদস্যু ও অস্ত্রগুলো রাতেই কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে। শরণখোলা থানার ওসি মো. আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহত বনদস্যুদের বিকেল তিনটায় থানায় নিয়ে আসা হয়। রফিকের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওসি বলেন, "রফিকুল সুন্দরবনের একটি বনদস্যু দলের প্রধান। তার বাড়ি মোরেলগঞ্জ উপজেলার গাবগাছিয়া গ্রামে।" আটক পাঁচজন হলেন- রফিকের ছোট ভাই মো. বাদল (২০), মোরেলগঞ্জের খালকুলা গ্রামের মো. হানিফ (২৬), বলইবুনিয়া গ্রামের জুলহাস উদ্দিন (১৮), কামলা গ্রামের বাবুল সরদার (২৫) ও পিরোজপুর জেলার কচুবুনিয়া গ্রামের শহীদুল ইসলাম আলকাস (২৫)। এই ঘটনায় বুধবার বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি। এর আগে সোমবার দুপুরে পূর্ব সুন্দরবনের সুপতি এলাকায় র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' শেখ আসাদ ও আবু সাঈদ শিকদার নামে দুই বনদস্যু নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/২০৩১ ঘ.