ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরব থেকে আসা দুম্বার মাংস বিতরণে অনিয়মের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে বুধবার দুপুরে বিক্ষোভ হয়েছে।
অভিযোগ পেয়ে পুলিশ কাবাবঘর ও কসাইয়ের বাসা থেকে ১৯ বস্তা মাংস উদ্ধার করেছে।
টিপু তাহেরি নামে জেনেভা ক্যাম্পের এক বাসিন্দা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অবাঙালি ত্রাণ কমিটির লোকজন মঙ্গলবার রাতে জেনেভা ক্যাম্পে বসবাসকারীদের মধ্যে চারশ' গ্রাম করে দুম্বার মাংস বিতরণ করে। তবে বুধবার সকালে খবর পাওয়া যায়- কমিটির চেয়ারম্যান এসকে গোলাম জিলানী মাংস আত্মসাৎ করে বাইরে বিক্রি করে দিয়েছেন। এ নিয়ে দুপুর আড়াইটার দিকে ক্যাম্পের লোকজন বিক্ষোভ শুরু করে।
এ সময় চেয়াম্যানের শাস্তি দাবি করে মিছিল হয়েছে বলেও জানান তিনি।
পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেনেভা ক্যাম্পে দুম্বার মাংস নিয়ে উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযোগের ভিত্তিতে মোস্তাকিম কাবাব ঘরের একটি স্টোর কক্ষের ফ্রিজ থেকে থেকে ১৪/১৫ কেজি ওজনের ১৫ বস্তা মাংস উদ্ধার করা হয়।
এ ছাড়া ভুলু নামে এক কসাইয়ের বাসা থেকেও চার বস্তা মাংস উদ্ধার করা হয় বলেও জানান এসআই মাহমুদুল।
তিনি জানান, বর্তমানে ওই ক্যাম্পের পরিস্থিতি শান্ত। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অবশ্য মাংস বিক্রি করে দেওয়ার কথা অস্বীকার করেছেন কমিটির চেয়ারম্যান জিলানী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ইসলামীর ব্যাংকের মাধ্যমে সৌদি আরব থেকে আসা ৫৮৫ কার্টন মাংস আমরা পেয়েছি। প্রতি কার্টনে ৬/৭ কেজি মাংস ছিলো। আমরা সবার মধ্যেই নিয়ম অনুযায়ী এগুলো বণ্টন করেছি।"
এসপিজিআরসি নামে একটি সংগঠনকে ইসলামী ব্যাংক এ মাংস না দেওয়ায় তাদের কর্মীরা বিক্ষোভ দেখিয়েছে বলে দাবি করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমইউএস/এএল/পিডি/২০০৮ ঘ.
bdnews24