২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিল্লা বিয়ে: আরো ১০জনকে আদালতে তলব

মৌলভীবাজারে হিল্লা বিয়ের ফতোয়ার ঘটনায় আরো ১০জনকে আগামী ৬ মার্চ হাজির হতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 02:06 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারে হিল্লা বিয়ের ফতোয়ার ঘটনায় আরো ১০জনকে আগামী ৬ মার্চ হাজির হতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এ নির্দেশ দেয়। এরা হচ্ছেন ওয়াহেদুর রহমান মেজবাহ, আবুল কালাম আজাদ চৌধুরী, মোবাশ্বের মিয়া, মোহন মিয়া, মুজাহিদ মিয়া, মেজবাহুর রহমান চৌধুরী, সমির মিয়া, ফখরুল ইসলাম (স্থানীয় জামে মসজিদের ইমাম)সহ মোট ১০জন। মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলেছে আদালত। গত ১৩ ফেব্র"য়ারি দেওয়া হাইকোর্টের নির্দেশ অনুয়ায়ী চার ফতোয়াবাজের মধ্যে দ'জন বুধবার আদালতে হাজির হন। এরা হলেন- স্থানীয় বড়কাপন জামে মসজিদের সেক্রেটারি মৌলভী ফয়জুল ও আসগর মিয়া। আদালতে তারা ওই সালিশ গঠনকারীদের নাম বলেন। এর ভিত্তিতে আদালত এ ১০ জনকে তলব করলো। ফয়জুল ও আসগরের সঙ্গে অপর দুই ফতোয়াবাজ এলাকার প্রভাবশালী ব্যক্তি আজাদ মিয়া ও নান্নু মিয়াকেও আদালতে তলব করা হয়েছিল। আবেদনকারীর আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই দু'জন ইতিমধ্যে পুলিশের দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। এ কারণে তারা আদালতে হাজির হতে পারেননি। মৌলভীবাজারের সদর উপজেলার বড়কাপন গ্রামের কয়ছর মিয়া ও রাবেয়া খাতুন নামের এক কৃষক দম্পতি গত ৯ ফেব্র"য়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে জানান, ফতোয়াবাজদের হুমকির কারণে তারা চারমাস ধরে পালিয়ে বেড়াচ্ছেন। চার ফতোয়াবাজ হলেন- স্থানীয় বড়কাপন জামে মসজিদের সেক্রেটারি মৌলভী ফয়জুল, এলাকার প্রভাবশালী ব্যক্তি আজাদ মিয়া, নান্নু মিয়া ও আসগর মিয়া। 'ফতোয়াবাজদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে দম্পত্তি' দৈনিক জনকণ্ঠে গত ১০ ফেব্র"য়ারি এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদপত্রে প্রকাশিত ওই প্রতিবেদনটি আদালতের নজরে আনেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ওইদিন সংবাদ সম্মেলনে কয়ছর মিয়া জানান, ফতোয়াবাজরা হুমকি দিয়েছে, হিল্লা বিয়ে না করলে রাবেয়ার চুল কেটে একশ দোররা মেরে গ্রামছাড়া করা হবে। তাদের ঘর-বাড়ি পুড়িয়ে দেওয়া হবে। এ কারণে গত চারমাস ধরে পালিয়ে বেড়াচ্ছেন তারা। ৮ ফেব্র"য়ারি তারা আশ্রয় নেন ঢাকার একটি হোটেলে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, খাবার রান্না করা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে কয়ছর তার স্ত্রী রাবেয়াকে তালাক দেওয়ার কথা বলেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালীরা সালিশ বসায়। সালিশের সিদ্ধান্তে বলা হয়, মুখে 'তালাক' বলায় রাবেয়ার তালাক হয়ে গেছে। কাজেই এখন আবার একসঙ্গে থাকতে চাইলে রাবেয়া খাতুনকে আগে হিল্লা বিয়ে দিতে হবে। নয়তো তার চুল কেটে একশ দোররা মেরে গ্রামছাড়া করা হবে। কয়ছর ও রাবেয়া জানান, মৌলভী ফয়জুল, আজাদ মিয়া, নান্নু মিয়া ও আসগর মিয়াকে নিয়ে সালিশ বসিয়ে ওই সিদ্ধান্ত দেওয়া হয়। আর আজাদের সঙ্গে হিল্লা বিয়ে দিতে হবে বলে সালিশে সাব্যস্ত হয়। আদালতে সরকারপক্ষে শুনানি করেন ডেপুুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন। গত বছরের ৮ জুলাই হাইকোর্ট এক রায়ে ফতোয়ার নামে স্থানীয় সালিশে বিচারবহির্ভূত শাস্তি অবৈধ ঘোষণা করে। রায়ের অভিমতে আদালত আরো বলে যে, এ ধরনের শাস্তি প্রদান ও কার্যকরে জড়িত, উপস্থিত ও সহায়তাকারী ব্যক্তি ফৌজদারি অপরাধ ও শাস্তির আওতায় আসবে। একইসঙ্গে ফতোয়ার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির জন্য প্রচার চালাতেও সরকারের প্রতি নির্দেশ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/১৯৫১ ঘ.