২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেলাব থানাকে পিকআপ দিতে মন্ত্রীর নির্দেশ

১০ পুলিশ সদস্যের জন্য দোয়া মাহফিলে অংশ নিয়ে বেলাব থানার জন্য একটি পিকআপ ভ্যান দিতে পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 01:14 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

নরসিংদী, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ পুলিশ সদস্যের জন্য দোয়া মাহফিলে অংশ নিয়ে বেলাব থানার জন্য একটি পিকআপ ভ্যান দিতে পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। বুধবার দুপুরে নরসিংদী পুলিশ লাইনের দরবার হলে কর্তব্যরত অবস্থায় বেলাব থানার ওসিসহ সড়ক দুর্ঘটনায় নিহত ১০ পুলিশ সদস্যের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেন মন্ত্রী। গত ১৫ জানুয়ারি বেলাব থেকে নরসিংদী আসার পথে ১০ পুলিশ সদস্য দুর্ঘটনায় নিহত হয়। সাহারা খাতুন বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। অচিরেই এগুলোর কার্যক্রম শুরু হবে। এতে দেশের সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। পুলিশ সুপারিনটেন্ডেট (এসপি) আক্কাস উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন নরসিংদী সদর- ১ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু, নরসিংদী ৪ মনোহরদী-বেলাব আসনের সংসদ সদস্য নুরুল মজিদ হুমায়ুন, মহাপুলিশ পরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, ঢাকা রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক আসাদুজ্জামান মিয়া প্রমুখ। স্বরাষ্ট্রমন্ত্রী দুর্ঘটনায় নিহত ১০ পুলিশ সদস্যের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান এবং প্রত্যেক পরিবারকে বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল থেকে ৩ লাখ এবং নরসিংদী জেলা পুলিশ কল্যাণ তহবিলের ১০ হাজারসহ মোট ৩ লাখ ১০ হাজার টাকার চেক প্রদান করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৯০০ ঘ.