ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় ২০১১ সালের ফেব্র"য়ারি পর্যন্ত প্রায় ৩৬ হাজার যুবক-যুবতীর কর্মসংস্থান নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে প্রধামন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে শেখ হাসিনা এ কথা জানান।
সংরক্ষিত নারী আসনের সাংসদ মমতাজ বেগমের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী জানান, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় মোট ৬৬ হাজার চারশ ৭১ জন যুবক ও যুব মহিলা অস্থায়ী কর্মসংস্থানের জন্য আবেদন করেছেন। এদের মধ্যে কুড়িগ্রাম জেলার আবেদনকারী ৩৫ হাজার সাত জন, বরগুনা জেলার ১২ হাজার ৭০ জন এবং গোপালগঞ্জ জেলার ১৯ হাজার তিনশ ৯৪ জন।
"এ তিন জেলায় ২০১১ সালের ফেব্র"য়ারি পর্যন্ত মোট ৩৫ হাজার আট'শ ৫২ জনের কর্মসংস্থান করা হয়েছে।"
আরো ১৬ হাজার আট'শ ছয় জন যুবক ও যুব মহিলা প্রশিক্ষণে রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি জানান, সম্প্রতি রংপুর বিভাগের কুড়িগ্রাম ছাড়া বাকি সাতটি জেলায় এই কর্মসূচি সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মমতাজ বেগম অনুপস্থিত থাকায় তার পক্ষে প্রশ্নটি উত্থাপন করেন পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক খন্দকার প্রিন্স।
সংরক্ষিত নারী আসনের সাংসদ নাজমা আক্তারের আরেক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরো বলেন, "ন্যাশনাল সার্ভিস কর্মসূচি মানেই কর্মসংস্থান নিশ্চিত করা নয়। এই কর্মসূচিতে বেকার যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা চাইব বেকার যুবক ও যুব মহিলারা স্বপ্রণোদিত হয়ে নিজেদের কর্মসংস্থান নিশ্চিত করবে এবং আরো বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিতে পারবে।"
প্রিন্সের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, "পর্যায়ক্রমে দেশের সব জেলাকে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় আনা হবে।"
সংরক্ষিত নারী আসনের সাংসদ নাজমা আক্তারের আরেক সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, "গত দু'বছরে দু'লাখ ২১ হাজার বেকার যুবককে সরকারি চাকরি দেওয়া হয়েছে।"
জমিজমা বিক্রি করে বিদেশ যেতে হবে না
নাটোর-৩ আসনের সাংসদ জুনাইদ আহমেদ পলকের আরেক সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, "কর্মসংস্থান ব্যাংক চালু হলে আর কাউকে জমিজমা বিক্রি করে বিদেশে যেতে হবে না। প্রতারিত হওয়ার সম্ভাবনা এখন আর নেই। কোন দেশে কত লোক লাগবে, কী ধরণের চাকুরী দরকার বা চাহিদা কত- এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রেখেই এখন বিদেশে লোক পাঠানো হচ্ছে।"
গাজীপুর-৫ আসনের সাংসদ মেহের আফরোজ চুমকীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেট খেলা উপলক্ষে সরকারের মোট চার'শ ৭৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয় হবে এবং ২০১০-১১ অর্থ বছরে এ উপলক্ষ্যে চার'শ ২৩ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।"
চট্ট্রগ্রাম-১৫ আসনের সাংসদ জাফরুল ইসলাম চৌধুরীর তথ্য অধিকার সংক্রান্তএক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, দেশব্যাপী বিভিন্ন্ কর্তৃপক্ষের কাছ থেকে ২৯ হাজার তিনশ ৯৫টি তথ্য প্রাপ্তির আবেদন দাখিল করা হয়েছে। এর মধ্যে, ২৮ হাজার আটশ ৭৯টি আবেদনের প্রেক্ষিতে তথ্য সরবরাহ করা হয়েছে। অবশিষ্ট পাঁচ'শ ১৬টি আবেদনের প্রেক্ষিতে তথ্য সরবরাহ করা হয়নি। তথ্য না পওয়ায় সংক্ষুব্ধ ব্যক্তিরা তথ্য কমিশনে ২৩টি অভিযোগ দায়ের করেছেন এবং ইতিমধ্যে ছয়টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৭৫৫ ঘ.
bdnews24