ঢাকা/সিরাজগঞ্জ, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে ও ঢাকার সাভারে বুধবার অজ্ঞাতনামা দুই তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের পৌর এলাকার কাটাখালি খাল থেকে সকাল ৯টায় এক তরুণীর লাশ উদ্ধার করা হয়।
সদর থানার উপ পরিদর্শক আব্দুস সবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে স্থানীয়রা কাটাখালী লেনে লাশটি দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি বলেন, নিহত তরুণীর কোনো ঠিকানা ও খুনের রহস্য জানা যায়নি।
লাশটি মুখে ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে সাভারে আশুলিয়া থানা পুলিশ চানগাঁও এলাকার রাস্তার পাশে এক তরুণীর লাশ উদ্ধার করেছে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকাবাসী বেলা ১১টার দিকে চানগাঁও এলাকার রাস্তার পাশে ওই তরুণীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
এসআই সামসুল বলেন, নিহতের পরনে জিন্স প্যান্ট ও কালো শর্ট কামিজ রয়েছে। পোশাক দেখে পুলিশের ধারণা, তরুণী অবস্থাপন্ন কোনো পরিবারের।
লাশটি ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেন এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৩৩০ ঘ.
bdnews24