চট্টগ্রাম, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পাহাড়তলি থানাধীন দক্ষিণ কাট্টলী এলাকা থেকে তিন কেজি ওজনের কষ্টি পাথরের একটি বুদ্ধমূর্তি উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে দক্ষিণ কাট্টলীর ছদু চৌধুরী রোডের শাহ আলম চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে এ মূর্তিটি উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- একরাম হোসেন (২৯), তার স্ত্রী মুন্নী বেগম (২৪) ও একরামের বোন শিমলা আক্তার (২০)।
পাহাড়তলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল সাড়ে পাঁচটার দিকে শাহ আলম চৌধুরীর বাড়ির নিচ তলায় অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।
একরাম হোসেন গত এক মাস ধরে ওই বাড়ির নিচতলায় বসবাস করে আসছিলেন বলে জানান তিনি।
ওসি জানান, খাটের নিচ থেকে উদ্ধার করা বৌদ্ধ মূর্তিটির উচ্চতা নয় ইঞ্চি। ওজন প্রায় তিন কেজি।
তিনি বলেন, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে একরাম জানিয়েছে, ২০ থেকে ২৫ দিন আগে দাগনভূঁইয়ায় এক ব্যক্তি তাকে মূর্তিটি দিয়ে চট্টগ্রাম নিয়ে আসতে বলে। এরপর লাল শালু কাপড়ে মোড়ানো মূর্তিটি সে চট্টগ্রাম নিয়ে আসে।"
ওই ব্যক্তি চট্টগ্রামে এসে মূর্তিটি নিয়ে যাওয়ার কথা ছিল বলে একরাম পুলিশকে জানিয়েছেন।
এ ঘটনায় পাহাড়তলি থানায় একটি মামলা করার প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/জেকে/২২৫৭ ঘ.
bdnews24