নরসিংদী, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে আওয়ামী লীগের এক স্থানীয় নেতার বিরুদ্ধে প্রতিবেশির বাড়ি থেকে বিভিন্ন ধরনের মূল্যবান গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় মোখলেছুর রহমান মোক্তার নামের ওই নেতাসহ তিন জনকে আসামি করে রায়পুরা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন প্রতিবেশি স্কুল শিক্ষিকা মজিদা বেগম।
মোখলেছুর নরসিংদীর রায়পুরার মরজাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
অন্য দুই আসামি হলেন- হালিম (৩৫) ও জজ মিয়া (২৭)।
মজিদা জানান, মঙ্গলবার সকাল থেকে মোক্তাররা প্রায় দেড় থেকে দুই হাজার বাঁশগাছসহ বিভিন্ন ধরনের গাছ কেটে নিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের জমি দখল করার জন্য দীর্ঘদিন ধরেই মোক্তাররা চেষ্টা চালিয়ে আসছিলো। যে জমিটি তারা নিজেদের বলে দাবি করছে- এর কোনো দলিল বা প্রমাণ তারা কখনোই দেখাতে পারেনি। এ নিয়ে স্থানীয় সালিশ বৈঠকও হয়েছে।
"তবে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই তারা জমি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিতে থাকেন। আমার স্বামীও বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ করেছেন, অথচ আজ আমাদের ওপরই নির্যাতন করা হচ্ছে," বলেন মজিদা।
রায়পুরা থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক মো. শামীম বলেন, জমি সংক্রান্ত বিরোধে এ ঘটনা ঘটেছে। তিনি ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় যেতে বলেছিলেন।
বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
অভিযুক্ত ওই ব্যক্তি আওয়ামী লীগ বা অন্য কোনো দলের পরিচয় দিয়ে প্রভাব খাটাচ্ছেন কি না- সে ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানান পুলিশ কর্মকর্তা শামীম।
এ ব্যাপারে মোক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার লোকজন বাঁশ কেটেছে। এই জমি আমাদের।"
তবে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে কিছু করেননি বলে দাবি করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/পিডি/২২৩১ ঘ.
bdnews24