২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে সংঘর্ষে আহত ২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদি ইউনিয়নের ইলমদি গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2011, 04:24 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

নারায়ণগঞ্জ, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদি ইউনিয়নের ইলমদি গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। এর মধ্যে ৮ জন টেঁটাবিদ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ সংঘর্ষ ঘটে। এসময় একটি বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট হয়। সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ইলমদি গ্রামে একটি পুকুরের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে আব্দুস ছাত্তারের সঙ্গে আব্দুর রহিম মেম্বারের বিরোধ চলছিল। গত শনিবার আব্দুস সাত্তার ওই পুকুরে মাটি কাটতে গেলে আব্দুর রহিম মেম্বারের সঙ্গে ঝগড়া হয়। এই ঘটনায় মঙ্গলবার বিকেলে আব্দুস সাত্তারের বাড়িতে সালিশ বসে। সালিশে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। আহতদের মধ্যে ইব্রাহিম হোসেন (৩০), আবু সিদ্দিক (৪০), আব্দুল হাই (২২), কাইয়ুম হোসেন (২০), আব্দুল বারেক (৭৪), আব্দুল মতিন (৪০), জাকারিয়া হোসেন (৩৬), ফাতেমা (২৫), রেহেনা (২০), রাজীব (১৪), জাকির হোসেনের (৩৫) নাম জানা গেছে। টেঁটাবিদ্ধ ৮ জনের মধ্যে ইব্রাহিম হোসেন, আবু সিদ্দিক ও আব্দুল বারেকের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২০১ ঘ.