সিলেট, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত এলাকা থেকে এক সপ্তাহ আগে নিখোঁজ দুই বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে মঙ্গলবার।
এরা হলেন, কানাইঘাটের লক্ষীপ্রসাদ (পূর্ব) ইউনিয়নের মিকিরপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে আলতাব আলী (২৬) ও আবদুল মালেকের ছেলে ইউনুস মিয়া (২৫)। গত ২২ ফেব্র"য়ারি থেকে নিখোঁজ ছিলেন তারা।
বর্ডার গার্ডস-৫ ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর নাইমুল আলম জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে সীমান্তের ১৩৩২ নম্বর পিলারের কাছে দুজনের লাশ দেখে শনাক্ত করে তাদের পরিবারের সদস্যরা। বর্ডার গার্ডস বাংলাদেশের (বিজিবি) ডোনা সীমান্ত ফাঁড়ির জওয়ানরা লাশ দুটি তাদের জিম্মায় রেখেছে।
বিজিবি কর্মকর্তারা জানান, আলতাব ও ইউনূস নিখোঁজ হওয়ার পর ২৪ ফেব্র"য়ারি তাদের পরিবার বিজিবি ডোনা সীমান্ত ফাঁড়িতে বিষয়টি জানায়। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গ্রামবাসী ওই দুজনের লাশ সীমানা পিলারের কাছে পড়ে থাকতে দেখে। পরে বিজিবি জওয়ানরা লাশ দুটি তাদের ফাঁড়িতে নিয়ে রাখে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান খান রাত ৮টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'ওই এলাকায় দুটো গুলিবিদ্ধ লাশ পড়ে থাকার খবর পেয়ে আমরা ডোনা সীমান্ত ফাঁড়ির সঙ্গে যোগাযোগ করে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।'
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২১৩০ ঘ.
bdnews24