মাদারীপুর, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার মাদারীপুরের একটি ইটভাটা থেকে শেকল বাঁধা অবস্থায় এক শ্রমিককে উদ্ধার করেছে র্যাব।
উদ্ধারকৃত শ্রমিক মিজানুর রহমান (২৪) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হাওলাভাঙ্গী গ্রামের ভ্যানচালক কামাল হোসেনের ছেলে। কালকিনি উপজেলার ধুলগ্রামের এমআরবি ইটভাটা থেকে মঙ্গলবার দুপুরে তাকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় ইটভাটার ব্যবস্থাপক (ম্যানেজার) ও শ্রমিক সর্দারকে গ্রেপ্তার করেছে র্যাব। এছাড়া অবৈধভাবে কাঠ পোড়ানোর দায়ে ভাটার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-৮ মাদারীপুরের ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেফটেনেন্ট মো. শামীম সরকার বলেন, দুপুরে র্যাবের একটি দল বাংলাদেশ মানবাধিকার কমিশন মাদারীপুর শাখার সহযোগিতায় ধুলগ্রাম এলাকার এমআরবি ইটভাটা থেকে শেকল বাঁধা অবস্থায় মিজানুরকে উদ্ধার করে।
এ ঘটনায় ইটভাটা মালিক মাহবুবর রহমান আবু ভূঁইয়া (৭০), ভাটা ম্যানেজার গৌরাঙ্গ বিশ্বাস (৬০) ও শ্রমিক সরদার ইয়াসিনকে (৩০) আসামি করে কালকিনি থানায় একটি মামলা করা হয়েছে।
এর আগে গত ২৬ জানুয়ারি সাভারের আশুলিয়ায় একতা ব্রিকস নামের একটি ইটভাটা থেকে নারী ও শিশুসহ ৩০ জনকে শেকলবন্দি অবস্থায় উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ওই ভাটাটি নিলামে বিক্রি করে দেওয়া হয়।
মাদারীপুর থেকে উদ্ধারকৃত মিজানুর রহমান সাবাদিকদের জানান, দুই মাস আগে শ্রমিক সরদার ইয়াসিনের আত্মীয় অহিদুল সাড়ে সাত হাজার টাকা অগ্রিম দিয়ে তাকে ইট ভাটায় নিয়ে আসে।
"কয়েক দিন পর আমি বাড়ি চলে যেতে চাইলে তারা আমার দুই পায়ে শিকল দিয়ে বেঁধে রাখে। এই অবস্থাতেই আমাকে দিয়ে কাজ করানো হতো।
"কয়েক দিন আগে ভাটার মালিক আমাকে দেখতে এসে বলে, শালাকে ভাটায় তুলে দে, পুড়ে যাক," বলেন মিজান।
বাংলাদেশ মানবাধিকার কমিশন মাদারীপুর শাখার সভাপতি সৈয়দ আমজাদ আলী সাংবাদিকদের বলেন, "ইটভাটায় শিকলে বেঁধে শ্রমিকদের দিয়ে কাজ করানোর খবর শুনে আমরা স্থানীয় নেতৃবৃন্দ, র্যাব ও পুলিশের নেতৃত্বে ছেলেটিকে উদ্ধার করি।"
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চৌধুরী অবৈধভাবে কাঠ পোড়ানোর দায়ে এমআরবি ইটভাটা কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। একই কারণে পার্শ্ববর্তী সততা ব্রিকস ফিল্ডকে ৫০ হাজার এবং এশিয়ান হাওলাদার ব্রিকস ফিল্ডকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/জেকে/১৯২০ ঘ.
bdnews24