২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জাহাজ নির্মাণ শিল্পের মাধ্যমে বিভিন্ন খাতে উন্নয়ন সম্ভব'

জাহাজ নির্মাণ শিল্প সম্পর্কিত এক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, এই শিল্পের উন্নতির মাধ্যমে দেশের মানব সম্পদ, কর্মসংস্থান, ব্যাংকিং ও বীমাসহ বিভিন্ন খাতের উন্নয়ন সম্ভব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2011, 12:09 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

চট্টগ্রাম, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাজ নির্মাণ শিল্প সম্পর্কিত এক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, এই শিল্পের উন্নতির মাধ্যমে দেশের মানব সম্পদ, কর্মসংস্থান, ব্যাংকিং ও বীমাসহ বিভিন্ন খাতের উন্নয়ন সম্ভব। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড আয়োজিত 'দেশের অর্থনীতিতে জাহাজ নির্মাণ শিল্পের অবদান' শীর্ষক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এর ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক রাশেদ রউফ এতে বক্তব্য রাখেন। সাখাওয়াত হোসেন বলেন, "এ শিল্পকে কেন্দ্র করে দেশে বিভিন্ন সহযোগী শিল্পের বিকাশের সম্ভাবনা রয়েছে। আগামী চার থেকে পাঁচ বছরে জাহাজ নির্মাণ শিল্প দেশের মোট অভ্যন্তরীন উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে এক থেকে দুই শতাংশ অবদান রাখতে পারে।" গত কয়েক বছর ধরে এ শিল্প রপ্তানী খাতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, "জার্মানি, ডেনমার্ক, ফিনল্যান্ড, হল্যান্ড এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশে নির্মিত জাহাজের চাহিদা রয়েছে।" কর্ণফুলির পূর্ব তীরে জাহাজ নির্মাণের জন্য ১৫টি শিপইয়ার্ড গড়ে তুলে ছোট থেকে মাঝারি জাহাজ নির্মাণে মোট পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগ করলে এ থেকে বছরে সাত হাজার ৫০০ কোটি টাকা আয় করা সম্ভব বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশের বিভিন্ন জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ইতিমধ্যে ৪২টি জাহাজ নির্মাণের আদেশ পেয়েছে বলে জানান সাখাওয়াত হোসেন। তিনি জাহাজ নির্মাণ শিল্পের উৎকর্ষ সাধনে সরকারের সহযোগিতা কামনা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/সিএম/কেএমএস/১৭০৫ ঘ.