চাঁপাইনবাবগঞ্জ, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ড ফ্লু সনাক্ত হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের চামাগ্রামে ১৪৮টি মুরগি ও ১৪টি কবুতর নিধন করা হয়েছে।
এর পাশাপাশি ৪৪টি ডিমও বিনষ্ট করেছে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার রাতে প্রাণিসম্পদ বিভাগ এসব মুরগি ও কবুতর নিধন করে। এতে নেতৃত্ব দেন নির্বাহী হাকিম শাহাদাত হোসেন কবির।
চাঁপাইনবাবগঞ্জের কোনো খামারে বার্ড ফ্লু আক্রান্তের ঘটনা এটিই প্রথম। সম্প্রতি কিশোরগঞ্জ, নেত্রকোনায় বার্ড ফ্লু সংক্রমণের কারণে বেশ কিছু মুরগি নিধন হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আব্দুস সামাদের খামারে গত কয়েক দিনে ৫৯টি মুরগি মারা যায়।
২৭ ফেব্র"য়ারি উপজেলা প্রাণিসম্পদ বিভাগ ওই খামার থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য জয়পুরহাটে পাঠায়। সেখানে বার্ড ফ্লু'র সংক্রমণ নিশ্চিত হলে পরীক্ষার প্রতিবেদন ঢাকায় পাঠানো হয়।
ঢাকা প্রাণিসম্পদ বিভাগ খামারের ওই মুরগিগুলো বিনষ্টের জন্য জেলা প্রাণিসম্পদ বিভাগকে নির্দেশ দেয় বলে জানান ইসমাইল হোসেন।
পুলিশের উপস্থিতিতে রাত ৮টায় আক্রান্ত মুরগি, কবুতর ও ডিম মাটিতে পুঁতে ফেলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৩২০ ঘ.
bdnews24