সিলেট, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট মহানগরীর শিবগঞ্জ এলাকার একটি বাসা থেকে দুই নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত ১০টার দিকে কোতোয়ালি থানা পুলিশ ঘরের তালা ভেঙে তাদের লাশ উদ্ধার করে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ জানান, শিবগঞ্জ খরাদিপড়ায় আনন্দ আবাসিক এলাকার সি-২৮ নম্বর বাসা থেকে কয়েক দিন ধরে দুর্গন্ধ বের হওয়ায় প্রতিবেশীরা পুলিশে খবর দেয়।
রাত ১০ টার দিকে পুলিশ ঘরের তালা ভেঙে রোটারেক্ট সাহিদা আক্তার মিলি (৩০) ও গৃহকর্মী মমতা বেগমের (৩৫) গলিত লাশ উদ্ধার করে।
ওই পুলিশ কর্মকর্তা বলেন, "হত্যাকাণ্ডের পর লাশে আগুন দিয়ে আলামত নষ্ট করার চেষ্টা করেছিল হত্যাকারীরা। এক সপ্তাহ আগে তাদের হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা।"
তবে হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিভাবে জানতে পারেননি তিনি।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজদ জানান, তিন তলা ওই বাড়িটি সাহিদা আক্তার মিলির পৈত্রিক সম্পত্তি। গৃহকর্মী মমতাকে নিয়ে একাই বাড়ির নিচতলায় থাকতেন তিনি। অবিবাহিত মিলি জালালাবাদ রোটারেক্ট, রেড ক্রিসেন্ট ও বিভিন্ন সামাজিক সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন। তার দুই ভাই পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন।
গত ৯ ডিসেম্বর নগরীর লামাবাজার এলাকার একটি বাসা থেকে পুলিশ একইভাবে নারী নেত্রী ও মুক্তিযোদ্ধা আনোয়ারা আবেদীন চৌধুরীর গলিত লাশ উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০০২৯ ঘ.
bdnews24