২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাহেরের গোপন বিচার বাংলাদেশে আসতে পারেন লিফশুজ

কর্নেল তাহেরের গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের শুনানিতে বক্তব্য দিতে আসতে পারেন মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2011, 03:58 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্নেল তাহেরের গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের শুনানিতে বক্তব্য দিতে আসতে পারেন মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুজ। সোমবার সন্ধ্যায় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, লিফশুজ দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশে আসতে পারেন। এ বিষয়ে আদালত অবহিত রয়েছেন। লরেন্স লিফশুজের সঙ্গে যোগাযোগ হয়েছে। এদিকে সোমবার ওই রিট আবেদনের ওপর বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চে শুনানি হয়েছে। শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন অংশ নেন। গত ২০ জানুয়ারি লরেন্স লিফশুজকে আদালতে উপস্থিত হয়ে বক্তব্য দিতে অনুরোধ করে হাইকোর্টের ওই বেঞ্চ। আবেদনে সাড়া দিয়ে ছেলের অসুস্থতার জন্য আদালতে উপস্থিত হতে না পারলেও তিনি লিখিত বক্তব্য পাঠান। ৩ ফেব্র"য়ারি তার ওই বক্তব্য আদালতে উপস্থাপন করা হয়। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীতে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থান চলে। এরই এক পর্যায়ে জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার পর মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল এমএ তাহেরসহ ১৭ জনকে সামরিক আদালতে গোপন বিচারের মুখোমুখি করা হয়। ১৯৭৬ সালের ১৭ জুলাই রায়ের পর ২১ জুলাই ভোর রাতে কর্নেল তাহেরের ফাঁসি কার্যকর করা হয়। ওই বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে কর্নেল তাহেরের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন, তাহেরের স্ত্রী লুৎফা তাহের এবং সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের স্ত্রী ফাতেমা ইউসুফ গত ২৩ অগাস্ট হাইকোর্টে প্রথম রিট আবেদনটি করেন। তাদের আবেদনের পর হাইকোর্ট সেই গোপন বিচারের নথি তলব করে। একইসঙ্গে তাহেরের বিচারের জন্য সামরিক আইনের মাধ্যমে জারি করা আদেশ এবং এর আওতায় গোপন বিচার ও ফাঁসি কার্যকর করাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না- তা জানাতে সরকারকে নির্দেশ দেওয়া হয়। পরে এই ঘটনায় সহ-দণ্ডপ্রাপ্ত আরো ছয়জন তাদের দণ্ড ও বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে তিনটি রিট করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এটি/এএল/২১৪৪ ঘ.